বিশ্বকাপের দল ঘোষণা করে দিল স্পেন। আর তা দেখে চমকে উঠছে ফুটবলভক্তরা। কেন? এই প্রথমবার রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলার ছাড়া বিশ্বকাপে নামবে 'লা রোজা'রা। অথচ বার্সেলোনা থেকে ৮ জন প্লেয়ারকে দলে রেখেছেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে। কেন এই পরিস্থিতি?
১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। 'এইচ' গ্রুপে স্পেনের প্রতিপক্ষ উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে। অর্থাৎ গ্রুপ পর্বের লড়াই খুব একটা সহজ হবে না। দলে আছেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। তবে চোটের জন্য আপাতত ১৮ বছর বয়সি তারকা মাঠের বাইরে। সম্ভবত গ্রুপ পর্বের শুরুর দিকে তাঁকে পুরো ফিট পাওয়া যাবে না। এছাড়া ২০১০-র বিশ্বকাপ জয়ী দলে আছে বার্সেলোনার ৮ জন ফুটবলার। তাঁরা হলেন- জোয়ান গার্সিয়া, পাউ কুবারসি, এরিক গার্সিয়া, পেদ্রি, গাভি, দানি ওলমো, ফেরান তোরেস এবং লামিনে ইয়ামাল। বার্সার আরেক উঠতি ফুটবলার ফেরমিন লোপেজ ফিট থাকলে হয়তো ডাক পেতেন।
কিন্তু রিয়ালের কোনও ফুটবলার নেই স্পেন দলে। এই মরশুম একেবারেই ভালো যায়নি লস ব্ল্যাঙ্কোসদের। ডিফেন্ডার ডিন হুইসেন ছাড়া কোনও স্প্যানিশ প্লেয়ারই দলে নিয়মিত ছিলেন না। তাঁকেও ডাকেননি লা ফুয়েন্তে। এছাড়া রিয়ালের রাউল আসেন্সিও, ফ্রান গার্সিয়া, গঞ্জালো গার্সিয়া, দানি কার্ভাহালরাও বিশ্বকাপ দলে সুযোগ পাননি। মূলত এমবাপে, ভিনিসিয়াস, জুড বেলিংহ্যামদের মতো বিদেশি তারকাদের উপর নির্ভরশীল হওয়ায় এই অবস্থা রিয়ালের।
কেন এই অবস্থা? লা ফুয়েন্তে বলেন, "আমি ম্যানেজার। কোন ক্লাব থেকে তাঁরা আসছেন, সেটা দেখব না। তাঁরা এখন জাতীয় দলের প্লেয়ার। আমি চাই তাঁরা জাতীয় দলে খেলা নিয়ে গর্ববোধ করুক।" এর আগে ২০২০ সালে ইউরো কাপে রিয়ালের কোনও ফুটবলারকে দলে রাখা হয়নি। সেবার তৃতীয় হয় স্পেন। এবার বার্সেলোনার ৮ জন ছাড়াও দলে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী আর্সেনাল থেকে ৩ জন (দাভিদ রায়া, মার্টিন জুবিমেন্দি, মিকেল মেরিনো), অ্যাথলেটিক বিলবাও থেকে ৩ জন (উনাই সিমন, লাপোর্তে, নিকো উইলিয়ামস), অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৩ জন (মার্ক পুবিল, মার্কোস লোরেন্তে, অ্যালেক্স বায়েনা)।
