গরমে তাপমাত্রার পারদ যত বাড়ে, শুধু শরীর নয়, চোখও পড়ে বেশ সমস্যায়। তীব্র রোদ, ধুলো, গরম হাওয়া আর সারাক্ষণ এসি, সব মিলিয়ে চোখকেও পড়তে হয় বেশ ঝুঁকির মধ্যে। তাই আগে থেকেই সতর্ক থাকা জরুরি।
গরমে চোখে কী কী সমস্যা দেখা দিতে পারে?
চোখের আর্দ্রতা খুব সংবেদনশীল। গরমে শরীর ডিহাইড্রেটেড হলে চোখেও পড়ে তার প্রভাব। দেখা দেয় শুষ্কতা। সঙ্গে ধুলো, দূষণ আর ইউভি রশ্মি চোখের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। ফলে সংক্রমণ, অ্যালার্জি, জ্বালা ইত্যাদি দেখা দেয়।
ছবি: সংগৃহীত
ড্রাই আই
বাইরে গরম হাওয়া আর ঘরে এসির ঠান্ডা হাওয়া, যা চোখের স্বাভাবিক আর্দ্রতাকে শুষে নেয়। ফলে চোখে জ্বালা, চুলকানি, ধুলোবালি পড়ার মতো অনুভূতি, লালভাব, চোখে ঝাপসা দেখা ইত্যাদি সমস্যাগুলো দেখা দেয়। এ ছাড়া দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করলে সমস্যা আরও বাড়ে।
অ্যালার্জি
ধুলো, দূষণ আর পরাগরেণু থেকে অ্যালার্জির সূত্রপাত হয়। এতে চোখ লাল হয়, চুলকায়, জল পড়ে, এমনকী চোখের পাতা ফুলে যেতে পারে। অবহেলা করলে তা সংক্রমণে রূপ নিতে পারে।
কনজাংকটিভাইটিস
গরমে সংক্রমণ খুব দ্রুত ছড়ায়। বিশেষ করে অফিস, বাড়ি বা এসি ঘরে দীর্ঘ সময় থাকলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। কনজাংকটিভাইটিসের লক্ষণ হল চোখ লাল হওয়া, ফুলে যাওয়া এবং ঝাপসা দৃষ্টি। এগুলো হলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া দরকার।
ফোঁড়া
ঘাম, ধুলো আর অপরিষ্কার হাত চোখে দিলে চোখের পাতায় সংক্রমণ দেখা দিতে পারে। এতে চোখে ব্যথা হয় এবং চোখ ফুলে যায়।
ফোটোকেরাটাইটিস
তীব্র ইউভি রশ্মি সরাসরি চোখে পড়লে কর্নিয়ায় ক্ষতি হতে পারে। চোখে ব্যথা, লালভাব, হঠাৎ ঝাপসা দেখা, এসব লক্ষণ দেখা দেয়।
ডিজিটাল আই স্ট্রেন
গরমে বাইরে কম বেরনোর কারণে স্ক্রিন টাইম বেড়ে যায়। এতে চোখ ক্লান্ত হয়, শুকিয়ে যায়, মাথাব্যথাও হতে পারে।
ছবি: সংগৃহীত
গরমে চোখকে কীভাবে ভালো রাখবেন?
- পর্যাপ্ত জলপান করুন। দিনে অন্তত ৩-৪ লিটার জলপান। তরমুজ, শসার মতো জলসমৃদ্ধ ফল ডায়েটে রাখুন।
- চোখ পরিষ্কার রাখুন। হাত না ধুয়ে চোখে হাত দেবেন না। নিজের তোয়ালে বা রুমাল অন্যের সঙ্গে শেয়ার করবেন না।
- অতিরিক্ত স্ক্রিনটাইম থেকে বিরত থাকুন। ২০-২০-২০ নিয়ম মেনে চলুন। প্রতি ২০ মিনিটে ২০ ফুট দূরে ২০ সেকেন্ড তাকান।
- এসি ও ফ্যানের হাওয়া সরাসরি এড়ান। চোখের উপর সরাসরি হাওয়া লাগলে শুষ্কতা বাড়ে। প্রয়োজনে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন।
ছবি: সংগৃহীত
- কনট্যাক্ট লেন্স ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বন দরকার। দীর্ঘক্ষণ লেন্স পরবেন না। সাঁতার কাটার সময় লেন্স না পরাই ভালো।
- চোখে ঠান্ডা সেঁক দিতে পারেন। চোখে জ্বালা বা ক্লান্তি হলে ঠান্ডা ভেজা কাপড় দিয়ে সেঁক দিলে আরাম মেলে।
- অবশ্যই সানগ্লাস ব্যবহার করুন। রোদে বের হলে ইউভি-৪০০ প্রোটেকশনযুক্ত চশমা অবশ্যই পরুন।
- চোখে ড্রপ নিজের মতো ব্যবহার করবেন না। চোখ শুষ্ক লাগলে বা জ্বালা করলে চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
কখন চক্ষুরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন?
- চোখে তীব্র ব্যথা বা দীর্ঘদিন লালভাব
- হঠাৎ ঝাপসা দেখা
- চোখ ফুলে যাওয়া
- আলো সহ্য না হওয়া
ছবি: সংগৃহীত
বাচ্চাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা
গরমের ছুটিতে বাচ্চারা বাইরে খেলে, ফলে তাদের চোখে সমস্যা দ্রুত হয়। চোখ ঘষা, লাল হওয়া বা বারবার জল পড়া- এই লক্ষণগুলো নজরে রাখুন। এছাড়া-
- দুপুরের রোদে বাইরে খেলতে দেবেন না।
- রোদে বেরলে সানগ্লাস পরান।
- হাত-মুখ পরিষ্কার রাখার অভ্যেস গড়ে তুলুন।
- তোয়ালে, গামছা বা আইড্রপ শেয়ার করবেন না।
কী করবেন না
- চোখ চুলকালে ঘষবেন না
- পুরনো বা মেয়াদ উত্তীর্ণ লেন্স ব্যবহার করবেন না
- মেকআপ না তুলে ঘুমোবেন না
- অন্যের আইড্রপ বা চোখের অন্য কোনও সামগ্রী ব্যবহার করবেন না
গরমে চোখের সমস্যা দ্রুত বাড়ে এবং কখনও কখনও তা জটিল আকার নিতে পারে। তাই সামান্য অস্বস্তিও অবহেলা নয়। একটু সচেতন থাকলেই এই প্রচণ্ড গরমেও চোখকে সুস্থ রাখা সম্ভব।
