shono
Advertisement
FIFA World Cup 2026

রাতভর বিশ্বকাপের ম্যাচে চোখ, ড্রাই আই সিন্ড্রোম রুখতে ফুটবলপ্রেমীদের কী পরামর্শ চিকিৎসকের?

ঘড়ির কাঁটায় রাত সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ৯টা— এই দীর্ঘ সময় জুড়েই সম্প্রচারিত হচ্ছে বেশিরভাগ ফুটবল ম্যাচ। আর এখানেই লুকিয়ে বিপদ। প্রিয় দলের সমর্থনে রাত জাগা বাঙালির চোখের বারোটা বাজছে না তো? কী বলছেন চক্ষুরোগ বিশেষজ্ঞরা?
Published By: Buddhadeb HalderPosted: 05:39 PM Jun 18, 2026Updated: 05:39 PM Jun 18, 2026

মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে বল গড়াতেই বিশ্বজুড়ে চড়েছে উত্তেজনার পারদ। ১১ জুন থেকে শুরু হওয়া এই ফুটবল মহাযজ্ঞে এবারই প্রথম লড়ছে ৪৮টি দেশ। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ মঞ্চে আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে ১০৪টি ম্যাচের এই দীর্ঘ মহারণ। তবে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য আসল পরীক্ষা শুরু হচ্ছে মাঝরাতে। ঘড়ির কাঁটায় রাত সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ৯টা— এই দীর্ঘ সময় জুড়েই সম্প্রচারিত হচ্ছে বেশিরভাগ ম্যাচ। আর এখানেই লুকিয়ে বিপদ। প্রিয় দলের সমর্থনে রাত জাগা বাঙালির চোখের বারোটা বাজছে না তো? কী বলছেন চক্ষুরোগ বিশেষজ্ঞরা?

Advertisement

প্রতীকী ছবি

চোখে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে?
খেলা দেখার উন্মাদনায় চোখের পলক ফেলতে ভুলে যাচ্ছেন অনেকেই। চিকিৎসকদের মতে, একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের স্বাভাবিক আর্দ্রতা কমছে। ডাক্তারি পরিভাষায় যাকে বলে ড্রাই আই সিন্ড্রোম। মনিটরের নীল আলো বা ব্লু লাইট চোখের রেটিনার মারাত্মক ক্ষতি করে। দীর্ঘক্ষণ কম আলোয় খেলা দেখলে ডিজিটাল আই স্ট্রেন বা 'অ্যাস্থেনোপিয়া' দেখা দেওয়া স্বাভাবিক। এর ফলে চোখ লাল হওয়া, জল পড়া, ঝাপসা দেখা এবং তীব্র মাথা ব্যথার মতো সমস্যা জাঁকিয়ে বসতে পারে।

ফাইল ছবি

স্ক্রিন টাইম সামলাতে পরামর্শ কী?
রাত জেগে ফুটবল উপভোগ করার পাশাপাশি চোখের যত্ন নেওয়া জরুরি। চিকিৎসকরা কিছু সহজ নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন।

  • ২০-২০-২০ নিয়ম: প্রতি ২০ মিনিট অন্তর স্ক্রিন থেকে চোখ সরিয়ে ২০ ফুট দূরের কোনও বস্তুর দিকে অন্তত ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন।
  • চোখের পলক ফেলা: খেলা দেখার সময় সচেতনভাবে ঘন ঘন চোখের পলক ফেলুন। এতে চোখের কর্নিয়া শুষ্ক হওয়া থেকে রক্ষা পাবে।
  • দূরত্ব ও আলো: ঘর অন্ধকার করে খেলা দেখবেন না। টিভি বা স্ক্রিন থেকে অন্তত ৬ ফুট দূরে বসুন। স্ক্রিনের ব্রাইটনেস ঘরের আলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখুন।
  • লুব্রিকেটিং ড্রপ: চোখের শুষ্কতা কাটাতে চিকিৎসকের পরামর্শ মেনে 'আর্টিফিশিয়াল টিয়ার্স' বা লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহার করতে পারেন।

বিপদ বুঝলে কখন ছুটবেন চিকিৎসকের কাছে?
সাধারণ ক্লান্তি ভেবে চোখের সমস্যাকে অবহেলা করা মারাত্মক ভুল হতে পারে। যদি দেখেন চোখ অতিরিক্ত লাল হয়ে গিয়েছে, কর্নিয়ায় তীব্র জ্বালাভাব হচ্ছে কিংবা চোখের সামনে সবকিছু ঝাপসা ঠেকছে, তবে সময় নষ্ট করবেন না। অবিলম্বে চক্ষুরোগ বিশেষজ্ঞ বা অফথালমোলজিস্টের শরণাপন্ন হন। মনে রাখবেন, গোলপোস্টে বল গড়ানোর আনন্দ যেন আপনার চোখের আলো কেড়ে না নেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement