shono
Advertisement
Skincare pilling

মুখে ক্রিম ব্যবহারের পর 'খোসা ওঠা'? পিলিংয়ের আসল কারণ জানালেন ত্বক বিশেষজ্ঞ

ক্রিম ব্য়বহারের পর এই ধরনের ‘খোসা ওঠা’ দেখলে দুশ্চিন্তার কিছু নেই। এটি ত্বকের সমস্যা নয়, বরং ক্রিম বা কোনও প্রোডাক্ট ব্যবহারের পর একটি সাধারণ বিষয়, যা সামান্য সচেতন হলে সহজেই ঠিক করা যায়।
Published By: Pritimoy Roy BurmanPosted: 05:45 PM Mar 29, 2026Updated: 06:31 PM Mar 29, 2026

ক্রিম বা কোনও স্কিনকেয়ার ব্যবহারের পর অনেকেই লক্ষ্য করেন, ত্বকের উপর ছোট ছোট দানা বা খোসার মতো কিছু উঠছে। তখন স্বাভাবিকভাবেই মনে হয়, ত্বকের উপরিভাগ থেকেই বুঝি কিছু উঠে আসছে। কিন্তু বাস্তবে বিষয়টি তেমন নয়।

Advertisement

ত্বক বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাকে বলা হয় পিলিং। অর্থাৎ, এটি ত্বকের খোসা ওঠা নয়, বরং আপনি যে ক্রিম ব্যবহার করছেন, সেটাই ঠিকমতো ত্বকে শোষণ বা বসতে না পেরে ছোট ছোট দানা বা খোসার মতো উঠে আসছে। তাই যেটা আপনি দেখছেন, সেটা আসলে ত্বকের কিছু নয়, ওই ক্রিমেরই অংশ।

খোসা ওঠা নয়, স্কিনকেয়ার পিলিং। ছবি: সংগৃহীত

বিষয়টি অনেকের কাছেই অস্বস্তিকর মনে হতে পারে, কিন্তু এতে ভয়ের কিছু নেই। পিলিং সাধারণত ক্ষতিকর নয় এবং এর মানে এই নয় যে আপনার স্কিনকেয়ার কাজ করছে না। ভালো মানের প্রোডক্ট বা পণ্য ব্যবহার করলেও এমনটা হতে পারে।

পিলিংয়ের মূল কারণ হল প্রোডাক্টের স্তর জমে যাওয়া। যখন একসঙ্গে অনেকগুলো প্রোডাক্ট ব্যবহার করা হয়, তখন সেগুলো সব সময় ঠিকমতো শোষিত হয় না। ফলে ত্বকের উপরেই একটা স্তর তৈরি হয়। এরপর যদি ঘষাঘষি করা হয় বা আবার নতুন কিছু লাগানো হয়, তখন সেই স্তর গুটিয়ে ছোট ছোট দানার মতো বেরিয়ে আসে।

এছাড়াও, সব প্রোডাক্ট একে অপরের সঙ্গে মানানসই নয়। বিশেষ করে সিলিকন আর জল-ভিত্তিক প্রোডাক্ট একসঙ্গে ব্যবহার করলে এই সমস্যা বেশি দেখা যায়।

ক্রিমের প্রতিক্রিয়া, ত্বকের কোনও সমস্যা নয়। ছবি: সংগৃহীত

এই সমস্যা এড়াতে খুব কঠিন কিছু করতে হয় না। কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই অনেকটাই কমে। প্রথমত, একসঙ্গে বেশি প্রোডাক্ট ব্যবহার না করে পরিমাণ কম রাখুন। দ্বিতীয়ত, একেকটি প্রোডাক্ট লাগানোর পর অন্তত ১ থেকে ২ মিনিট অপেক্ষা করুন, যাতে সেটি ত্বকে ভালোভাবে বসে যায়। তৃতীয়ত, ত্বক খুব জোরে ঘষবেন না, আলতোভাবে ক্রিম লাগান। এছাড়া, অপ্রয়োজনীয় কারণে বারবার মুখে হাত দেওয়ার অভ্যেসও কমাতে হবে।

সব মিলিয়ে, ক্রিম ব্য়বহারের পর এই ধরনের ‘খোসা ওঠা’ দেখলে দুশ্চিন্তার কিছু নেই। এটি ত্বকের সমস্যা নয়, বরং ক্রিম বা কোনও প্রোডাক্ট ব্যবহারের পর একটি সাধারণ বিষয়, যা সামান্য সচেতন হলে সহজেই ঠিক করা যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement