shono
Advertisement
Atta Kneading Tips

হাত চ্যাটচ্যাট না করেও নরম হবে আটা, রুটি বানানোর আগে মাথায় রাখুন ৫ কৌশল

নরম, মসৃণ রুটি পেতে শুধু ভালো আটা ব্যবহার করলেই হবে না, আটা মাখার কৌশলটাও জানা জরুরি।
Published By: Utsa TarafdarPosted: 02:13 PM Sep 03, 2026Updated: 03:43 PM Sep 03, 2026

রুটি গোল বানানোর চাইতেও বড় পরীক্ষা বোধহয় আটা মেখে রুটির জন্য সঠিক আটার মণ্ড তৈরি করা। নরম, মসৃণ রুটি পেতে শুধু ভালো আটা ব্যবহার করলেই হবে না, আটা মাখার কৌশলটাও (Atta Kneading Tips) জানা জরুরি। মাখতে গিয়ে সামান্য ভুল হলেই দুই হাত আঠালো হয়ে যায়। এ জন্য অনেকেই অস্বস্তি পান আটা মাখতে। কিন্তু অটোম্যাটিক ‘ডো নিডার’ কিনে নেওয়ার মতো সামর্থ্য সকলের থাকে না। আসলে সামান্য কিছু ভুল এড়িয়ে চলতে পারলে সেসবের দরকারও পড়বে না। বাড়িতেই মাখতে পারা পাবে রুটির জন্য সঠিক ডো।

Advertisement

১. একেবারে বেশি জল দেবেন না
আটা মাখার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জলের পরিমাণ। প্রথমেই একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবেন না। অল্প অল্প করে জল দিয়ে আটা মাখতে থাকুন। এতে মণ্ডের নরমভাব নিয়ন্ত্রণ করা সহজ হয়, এবং অতিরিক্ত আঠালো হয়ে যাওয়ার সম্ভাবনা কমে।

২. প্রথমে চামচ বা স্প্যাচুলা ব্যবহার করুন
হাত দিয়ে সরাসরি আটা মাখা শুরু করলে আটা হাতে আটকে যাওয়ার সম্ভাবনা বেশি। যাদের এতে অস্বস্তি হয়, তারা প্রথমে চামচ, কাঠের খুন্তি বা স্প্যাচুলা দিয়ে আটা ও জল মিশিয়ে নিন। যখন মিশ্রণটি কিছুটা জমাট বাঁধবে, তখন হাত দিয়ে মাখুন।

৩. মাখার আগে একটু বিশ্রামে থাকতে দিন
আটা ও জল মিশিয়ে সঙ্গে সঙ্গে মাখার প্রয়োজন নেই। মিশ্রণটি কয়েক মিনিট রেখে দিলে আটা জল শুষে নেয় এবং মণ্ড তুলনামূলকভাবে কম আঠালো হয়। এরপর অল্প সময় মাখলেই তা মসৃণ হতে শুরু করবে। এই ছোট্ট বিরতিই ঝামেলা অনেকটা কমিয়ে দিতে পারে।

৪. হাতে সামান্য তেল মেখে নিন
মণ্ড নরম হয়ে গেলে হাতে একেবারে সামান্য পরিমাণ তেল মেখে নিন। এরপর মণ্ডটি আরও কয়েক মিনিট ভালো করে মাখুন। এতে আটা হাতে আটকে যাওয়ার সম্ভাবনা কমে। তবে তেল যেন একেবারে সামান্য নেওয়া হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৫. বারবার শুকনো আটা মেশাবেন না
মণ্ড হাতে আটকে যেতে থাকলে অনেকেই বারবার শুকনো আটা ছড়িয়ে দেন। এতে সাময়িকভাবে আঠালোভাব কমলেও শেষ পর্যন্ত রুটি শক্ত হয়ে যায়। এমন অবস্থায় বরং মণ্ডকে কয়েক মিনিট বিশ্রাম দিয়ে আবার মাখুন। দরকারে তেলের ব্যবহার করুন, কিন্তু বারেবারে শুকনো আটা মেশাবেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement