ফের তেলেঙ্গানায় (Telangana) কুকুরের গণহত্যা! এবারও অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। সঙ্গী পঞ্চায়েত সচিব। মাঞ্চেরিয়াল জেলার কিষ্টপুর গ্রামে ১০০টি কুকুরকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। পশুপ্রেমী সংগঠনের তরফে স্থানীয় থানায় পঞ্চায়েত প্রধান ও সচিবের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। উভয় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, গত ৭-১০ মার্চের মধ্যে হত্যালীলা চালানো হয়েছে। বিষাক্ত ইঞ্জেকশনের জেরে মৃত্যু হয়েছে ১০০টি পথকুকুরের। এর পর মৃতদেহগুলি গ্রামের কাছে নদীর চড়ে পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় থানায় পথকুকুর খুনের অভিযোগ দায়ের করেন সমাজকর্মী আদুলাপুরম গৌতম।
জানা গিয়েছে, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সচিব কুকুর হত্যার জন্য দুই ব্যক্তিকে ভাড়া করেন। এলাকার কুকুরগুলি একে একে গায়েব হয়ে যাওয়ায় গ্রামবাসীদের সন্দেহ হয়। তারাই পুলিশ এবং পশুপ্রেমী সংগঠনের সদস্যদের বিষয়টি জানান। যদিও অভিযুক্তরা দাবি করেছেন, গ্রামে কুকুরদের উপদ্রব কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রথম নয়, গত জানুয়ারি মাসেও তেলেঙ্গানায় কুকুরের গণহত্যার ঘটনা সামনে আসে। একই ভাবে ৫০০ কুকুরকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে খুন করা হয়। সেবার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতেই নাকি নির্বিচারে অবলা প্রাণীদের হত্যা করা হয়। বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে কুকুর খুনের ঘটনায় পঞ্চায়েত প্রধান-সহ ১৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় পুলিশ।
