আনন্দময় ভ্রমণ ভয়াবহ বিপর্যয়ে পরিণত হল। মধ্যপ্রদেশে নর্মদার জলাধারে ডুবল প্রমোদতরী। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জন পর্যটকের। ওই প্রমোদতরীতে ৩০ জন পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১৫ জনকে জীবন অবস্থায় উদ্ধার করা গিয়েছে। পাশাপাশি জল থেকে তোলা হয়েছে ৬টি মৃতদেহ। বাকিদের সন্ধানে ডুবুরি নামানো হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই জানিয়েছে পুলিশ এবং উদ্ধারকারী দল।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যখন গভীর জলাধারের মাঝখানে পৌঁছে গিয়েছিল প্রমোদতরীটি, সেই সময় হঠাৎ আবহাওয়া খারাপ হয়। শুরু হয় তীব্র হাওয়ার দাপট। তখনই ভারসাম্য হারিয়ে একপাশে কাত হয়ে জলে ডুবে যায় সেটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। প্রাথমিক ভাবে জলাধার থেকে ১৫ জনকে উদ্ধার করেছে ডুবুরির দল। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজ তদারকি করছেন জব্বলপুরের কালেক্টর রাঘবেন্দ্র সিং এবং জেলার পুলিশ আধিকারিকরা।
শুরুতে স্থানীয় উদ্ধারকারী দল কাজ করলেও পরে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকাজ শুরু করে। অন্ধকার নামলেও বাকি ৯ জনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
