shono
Advertisement
Uttarakhand

উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক

উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৮ জন শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
Published By: Kishore GhoshPosted: 09:08 AM Aug 14, 2026Updated: 09:19 AM Aug 14, 2026

বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের সুড়ঙ্গে দুর্ঘটনায় ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখনও ভিতরে আটকে রয়েছেন অন্তত ৩ জন শ্রমিক। চামোলি জেলায় একটি সুড়ঙ্গে কাজ করছিলেন ২৮ জন শ্রমিক। হঠাৎই তীব্র জলস্রোতে ভেসে যান তাঁরা। এইসঙ্গে ধস নামে টানেলের ভিতরে। উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, এখনও পর্যন্ত ১৮ জন শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

Advertisement

চামোলির পুলিশকর্তা সুরজিৎ সিং পওয়ার জানান, জলস্রোত অত্যন্ত বেশি ছিল। এর ফলেই ভিতরে থাকা শ্রমিকরা নিজেদের রক্ষা করতে পারেননি। অনেকটা দূরে তারা ভেসে যান। এটি একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গ। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সুড়ঙ্গের ভেতর বিপুল পরিমাণ ধস নামে। এরপরেই ধেয়ে আসে জলস্রোত। সেই সময় ভিতরে কর্মরত ওই শিফটের শ্রমিকরা ভেতরে আটকে পড়েন। জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানিয়েছেন, সন্ধে সাড়ে ৬টা নাগাদ নির্মাণকাজ চলতে থাকা সুড়ঙ্গটিতে বিপুল পরিমাণ ধস নামে ও জল ধেয়ে আসে। এর ফলেই দুর্ঘটনা ঘটেছে।

গতকালই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজের নির্দেশ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানিয়েছেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিয়মিত খবরাখবর নিচ্ছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-র সদস্যরা যৌথভাবে ধ্বংসস্তূপে এখনও আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে প্রাণপন চেষ্টা চালাচ্ছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement