মদের জন্য জল আনতে অস্বীকার করে বালক। তাতেই তাকে গুলি করে খুনের অভিযোগ উঠল এক আত্মীয়ের বিরুদ্ধে। চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে ৯ বছরের বালকের। হাড়হিম করা কাণ্ডটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার ইয়াকুতগঞ্জ গ্রামে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃত বালকের নাম যশ। বয়স ৯ বছর। শনিবার রাতে তার বাড়িতে অনুষ্ঠান ছিল। সেখানেই আসেন বালকের বাবার আত্মীয় অভিযুক্ত ধনেশ যাদব। অনুষ্ঠান চলাকালীন যশকে মদে মেশানোর জন্য জল আনতে বলেন ধনেশ। বালক সেই কাজ করতে চায়নি। অভিযোগ, তাতেই মেজাজ হারান ধনেশ। তারপর সঙ্গে থাকা বন্দুক থেকে যশের পেটে গুলি চালায় অভিযুক্ত। বিকট শব্দ শুনে ছুটে আসেন যশের পরিবারের সদস্যরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশুটির এক আত্মীয় জানিয়েছেন, "বাড়িতে অনুষ্ঠানের জন্য আত্মীয় ও প্রতিবেশীরা এসেছিলেন। রাতে ধনেশ যাদব ও যশের বাবার আত্মীয় জসবীর গোলা যশকে মদে মেশানোর জন্য জল আনতে বলে, সে অস্বীকার করায় এই কাণ্ড।" ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ধনেশ। তবে অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
