সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী দিনে গুজরাটে আরও ২০ জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করবেন। আসন্ন রাজ্যসভা ভোটে জিততে পারবেন না কংগ্রেস প্রার্থী আহমেদ প্যাটেল। দাবি করলেন মোদির রাজ্যের কংগ্রেসেরই বিধায়ক রাঘবজে প্যাটেল। এমনকী, তিনি নিজেও বিজেপিতে যোগ দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন গুজরাটের বিরোধী দলের এই বিধায়ক।
[সংকটে অস্তিত্ব, রাতারাতি বিধায়কদের বেঙ্গালুরু উড়িয়ে নিয়ে গেল কংগ্রেস]
প্রসঙ্গত, গত সপ্তাহেই কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন গুজরাট বিধানসভার বিরোধী দলনেতা শঙ্করসিন বাঘেলা। এরপরই কংগ্রেস বিধায়কদের মধ্যে দল ছাড়ার হিড়িক পড়ে যায়। গত দু’দিনে পদত্যাগ করেছেন ছ’জন বিধায়ক। এঁদের মধ্যে তিনজনই আবার যোগ দিয়েছেন বিজেপিতে। ফলে ভোটের মুখে গুজরাটে এখন অস্তিত্ব সংকটে কংগ্রেস। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যে পদত্যাগ আটকাতে দলের ৩৮ জন বিধায়ক বেঙ্গালুরুতে উড়িয়ে নিয়ে গিয়েছে কংগ্রেস। কিন্তু, তাতেও আগামীদিনে গুজরাটে কংগ্রেসে ভাঙন রোখা যাবে না বলেই দাবি করলেন দলেরই বিধায়ক রাঘবজে প্যাটেল। তিনি বলেন, গুজরাটে যা হচ্ছে, তারজন্য কংগ্রেসের রাজ্য নেতৃত্ব ও হাইকমান্ডই দায়ী। আগামী দিনে আরও ২০ জন কংগ্রেস বিধায়ক দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। ফলে রাজ্যসভা ভোটে আহমেট প্যাটেলের জেতা কার্যত অসম্ভব হয়ে যাবে। কংগ্রেসের এই বিধায়কের দাবি, আহমেদ প্যাটেলকে গোটা পরিস্থিতির কথা জানিয়ে রাজ্যসভা ভোটে প্রার্থী না হওয়ার অনুরোধ করেছিলেন তিনি। বস্তুত, আগামীদিনে তিনি নিজেও যে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন, সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন রাঘবজে প্যাটেল। তিনি বলেন, ‘গুজরাটে প্রধান রাজনৈতিক দল দুটি। তাই আমি যদি কংগ্রেস ছাড়ি, তাহলে একমাত্র বিকল্প বিজেপি। ইতিমধ্যেই বিজেপির সর্রভারতীয় সভাপতি অমিত শাহ ও রাজ্য সভাপতি জিতুভাই বাগনানির সঙ্গে কথা হয়েছে। বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছি।’
[ভোটের মুখে গুজরাটে কংগ্রেসে ভাঙন অব্যাহত, ইস্তফা আরও ২ বিধায়কের]
প্রসঙ্গত, ওয়াকিবহাল মহলের ধারণা, গুজরাটে কংগ্রেস বিধায়কদের পদত্যাগের পিছনে কলকাঠি নাড়ছেন শঙ্কর সিন বাঘেলা। তিনি চান না, গুজরাট থেকে ফের রাজ্যসভার সাংসদ মনোনীত হন প্রবীণ কংগ্রেস নেতা ও সনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা আহমেদ প্যাটেল। আগামী ৮ আগষ্ট রাজ্যসভায় ভোট। ১৮২ আসনের গুজরাট বিধানসভায় এখনও পর্যন্ত কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৫১।
[সত্যি কি বাতিল হচ্ছে ২০০০ টাকার নোট? কী বললেন মন্ত্রী?]
The post রাজ্যসভা ভোটে জিতবেন না আহমেদ প্যাটেল, কটাক্ষ কংগ্রেস বিধায়কের appeared first on Sangbad Pratidin.
