ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। মঙ্গলবার দিল্লিতে নামার আগে এয়ার ইন্ডিয়ার ফুকেট থেকে আসা উড়ানে তীব্র ঝাঁকুনিতে আহত যাত্রী-বিমানকর্মী-সহ অন্তত ১৫ জন। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হঠাৎ বায়ুপ্রবাহের অস্থিরতার কারণেই একধাক্কায় ৩০০ ফুট নিচে নামতে বাধ্য হয় বিমানটি। এর জেরে বেশ কিছুক্ষণ তীব্র ঝাঁকুনি হয় বিমানটিতে। তাতেই আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়ে এআই২৩৭৯ উড়ানটি। থাইল্যান্ডের শহর ফুকেট থেকে আসছিল সেটি। দিল্লি নামার কিছুটা সময় আগে বায়ুপ্রবাহের তারতম্যের কারণে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। আচমকা ৩০০ ফুট নিচে নেমে যায় বিমানটি। এর জেরে ১১ জন যাত্রী ও ৪ জন বিমানকর্মী আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। বিমানসংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে,"বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করেছে এবং সকল যাত্রী ও বিমানকর্মী বিমান থেকে নেমেছেন।"
এয়ার ইন্ডিয়ার তরফে আরও জানানো হয়েছে, কারও বড়সড় আঘাত লাগেনি। বিবৃতিতে বলা হয়েছে, "অল্প সংখ্যক যাত্রী এবং বিমানকর্মী কিছুটা আঘাত পেয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাঁদের পরীক্ষা ও পরিচর্যার জন্য বিমানবন্দরের একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজন মতো তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবি, ভিডিওতে দেখা গিয়েছে, তীব্র ঝাঁকুনির কারণেই এয়ার ইন্ডিয়ার ওই বিমানের মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক জায়গায় ফাটল দেখা গিয়েছে।
