ইরান যুদ্ধের জেরে একদিকে যেমন জ্বালানির দাম বাড়ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বিমান চলাচল ব্যহত। এই অবস্থায় ঘুরপথে উড়ানের বাড়তি খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছে বিমান সংস্থাগুলি। সংকটকালে তাদের পাশে দাঁড়িয়ে বিমানবন্দরগুলির পার্কিং এবং ল্যান্ডিং চার্জ ২৫ শতাংশ কমাল ভারতীয় বিমানবন্দর শুল্ক নিয়ন্ত্রক সংস্থা 'এয়ারপোর্ট ইকোনমিক রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া' (এইআরএ)। মূল লক্ষ্য হল উড়ান সংস্থাগুলির বাড়তি খরচের বোঝা যেন যাত্রীদের উপরে না পড়ে, টিকিটের দাম না বাড়ে।
সূত্রের খবর, বিশেষ ভাবে দু'টি উড়ান সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এইআরএ-র কাছে সাহায্যের আবেদন করেছিল। সেই আবদনে সাড়া দিল কেন্দ্রীয় সংস্থাটি। ঠিক কোন অবস্থায় বিমানসংস্থাগুলি সাহায্যের জন্য আবেদন করেছে? মূলত দুই কারণে উড়ানের খরচ বাড়ছে। প্রথমত: দীর্ঘদিন ধরে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারছে না ভারতীয় উড়ান সংস্থাগুলি। এখন যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের আকাশও অবরুদ্ধ! এর ফলে কাছের গন্তব্যের জন্যও দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে। এর ফলে জ্বালানি খরচ কয়েক গুণ বেড়ে গিয়েছে। দ্বিতীয়ত: ইরান যুদ্ধের জেরে বৈশ্বিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে সংস্থা পরিচালনার ব্যয়ও বেড়ে গিয়েছে।
আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্য অনুযায়ী, জ্বালানি ও শ্রম খরচের পর বিমান সংস্থাগুলির বড় খরচ হয়ে থাকে বিমানবন্দরে নানা শুল্কের জেরে। এই অবস্থায় তাদের পাশে দাঁড়াল এয়ারপোর্ট ইকোনমিক রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া। আগামী তিন মাসের জন্য বিমান অবতরণ (ল্যান্ডিং) এবং পার্কিং চার্জ ২৫ শতাংশ কমানো হল। পরবর্তীকালে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। বলা বাহুল্য, এর ফলে সরাসরি উড়ান সংস্থাগুলি উপকৃত হলেও পরোক্ষে উপকৃত বিমান যাত্রীরা।
