সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তা ভেঙে পাঞ্জাবের নভা জেলে ঢুকে খালিস্তানি নেতাকে ছাড়িয়ে নিয়ে গেল ১০ বন্দুকধারী৷ ঘটনায় গোটা রাজ্যজুড়ে জারি হয়েছে কড়া সতর্কতা৷
২০১৪ সালে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল হরমিন্দর সিং মিন্টু নামে এক ব্যক্তিকে৷ খলিস্তান লিবারেশন ফোর্সের নেতা ছিলেন তিনি৷ নানা সন্ত্রাসী কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে৷ ওই ৪৭ বছরের নেতাটিকে ছাড়াতেই এদিন পাঞ্জাবের জেলে হামলা চালাল বন্দুকধারীরা৷ জানা যাচ্ছে, পুলিশের ছদ্মবেশে তারা জেলে ঢুকে পড়ে৷ নেতা-সহ আরও চারজনকে মুক্ত করে তারা৷ তারাও দাগী অপরাধী বলেই জানা যাচ্ছে৷
ঘটনায় প্রশ্নের মুখে পাঞ্জাব জেলের নিরাপত্তা৷ দুষ্কৃতীরা যাতে অন্য রাজ্যে পালিয়ে যেতে না পারে তার জন্য বসানো হয়েছে চেক পোস্ট৷ ঘটনার জেরে জেলের ডিজি ও ডেপুটি ডিজিকে বরখাস্ত করেছে পাঞ্জাব প্রশাসন৷ তদন্তে গঠন করা হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স৷
The post পাঞ্জাবে জেলে ঢুকে খলিস্তানি নেতাকে ছাড়াল বন্দুকধারীরা appeared first on Sangbad Pratidin.
