সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও জঙ্গি হানা কাশ্মীরে। শনিবার, শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের উপর একটি সেনার কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় শহিদ হয়েছেন এক জওয়ান। আহত আরও পাঁচ।
এক শীর্ষ সেনা আধিকারিক জানিয়েছেন, শ্রীনগর থেকে প্রায় ৭০ কিমি দূরে অনন্তনাগ জেলার কাজিগুন্দের মুণ্ডা এলাকায় সকাল ১১টা নাগাদ ওই ঘটনাটি ঘটে। একে-৪৭, রকেট লঞ্চারের মতো অস্ত্র নিয়ে সেনার কনভয়ে হামলা চালায় জঙ্গিরা, বলেও জানিয়েছেন তিনি। বেশ কিছুক্ষণ গোলাগুলি চলার পর জঙ্গিরা পালিয়ে যায়। ইতিমধ্যে ওই এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনী। জঙ্গিদের খোঁজে চলছে ব্যাপক তল্লাশি অভিযান। আহত জওয়ানদের চিকিৎসার জন্য শ্রীনগরের বাদামিবাগের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
[কাশ্মীরে এবার সেনার নজরে ‘বেডরুম জেহাদি’রা]
এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। তবে ওই হামলার নেপথ্যে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর বা হিজবুলের হাত থাকতে পারে বলে মনে করছে পুলিশ। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন দক্ষিণ কাশ্মীরে ওই দুই জঙ্গিগোষ্ঠীই এমন হামলা চালিয়ে থাকে। ইতিমধ্যে হামলাকারীদের খোঁজে অভিযান শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন ওই আধিকারিক। উল্লেখ্য, কয়েকদিন আগেই কাশ্মীরি জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পায় সেনাবাহিনী। কাশ্মীরের ত্রালে সংঘর্ষে নিহত হয় জঙ্গি সংগঠন হিজবুলের কমান্ডার সবজার ভাট।
গতবছর হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত হয়ে উঠেছে কাশ্মীর উপত্যকা। সেনাবাহিনীকে লক্ষ্য করে বেড়েছে জঙ্গি হামলাও। ইতিমধেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেওয়া এক রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। কাশ্মীরে অশান্তি ছড়াতে হুরিয়ত-সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীদের টাকার জোগান দিচ্ছে পাকিস্তান। তাই সন্ত্রাসবাদীদের টাকার উৎস জানতে শুক্রবার মাঝরাতে কাশ্মীর ও রাজধানী দিল্লির বিভিন্ন জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি’ (এনআইএ)। এছাড়াও গিলানি-সহ একাধিক হুরিয়ত নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
[জঙ্গিদের টাকার উৎস জানতে দিল্লি-কাশ্মীরে অভিযান কেন্দ্রীয় গোয়েন্দাদের]
The post কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, শহিদ জওয়ান appeared first on Sangbad Pratidin.
