সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ বাবরি মসজিদ ধ্বংস মামলায় জামিন পেলেন লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর জোশী, উমা ভারতী-সহ নয়জন বিজেপি নেতা। মঙ্গলবার প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিল লখনউয়ের সিবিআইয়ের বিশেষ আদালত।
[সুখোই দুর্ঘটনায় উদ্ধার পাইলটের রক্তমাখা জুতো]
১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের মামলায় চক্রান্ত ও উসকানি দেওয়ার অভিযোগে লালকৃষ্ণ আদবানি, উমা ভারতী-সহ ১২ জন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। যদিও ২০০১ সালে অভিযুক্তদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ খারিজ করে দেয় সিবিআই আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাই কোর্টে মামলা হয়। যদিও ২০১০ সালে সিবিআই আদালতের রায়ই বহাল রাখে হাই কোর্ট। চলতি বছরের এপ্রিলে লালকৃষ্ণ আদবানী-সহ অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই আদালতকে চার্জ গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, রায়দানের এক মাসের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জগঠন করতে হবে। এরপর ফের নতুন করে বাবরি মামলার শুনানি শুরু হয় সিবিআই আদালতে।
[ডুবন্ত মহিলাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন তরুণ আইএএস আধিকারিক]
গত ২৫ ও ২৬ মাসের মে-তে লালকৃষ্ণ আদবানী, উমা ভারতী, মুরলীমনোহর জোশী-সহ ১২ জন অভিযুক্তকেই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। কিন্তু আদালতে সশরীরে হাজিরা দেওয়া থেকে রেহাই দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান অভিযুক্তদের আইনজীবী। সেই আবেদনের ভিত্তিতে ৩০ মে অভিযুক্ত আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক। আদালতের সেই নির্দেশ মেনে মঙ্গলবার লখনউয়ের সিবিআই বিশেষ আদালতে হাজির হন ১২ জন অভিযুক্ত। পঞ্চাশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে লালকৃষ্ণ আদবানী, উমা ভারতী, মুরলীমনোহর জোশী-সহ নয়জন বিজেপি নেতা-মন্ত্রীকে জামিন দেন বিচারক।
তবে লালকৃষ্ণ আদবানী, উমা ভারতী, মুরলীমনোহর জোশী-সহ নয়জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন না করার আবেদন অবশ্য খারিজ হয়ে গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে চার্জ গঠন করেছে আদালত। যদিও সিবিআই আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাই কোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন অভিযুক্তরা।
The post বাবরি ধ্বংস মামলায় জামিন পেলেন আদবানী, জোশীরা appeared first on Sangbad Pratidin.
