সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দণ্ড সংহিতার তিনটি বিল নিয়ে সংসদের স্বরাষ্ট্র স্ট্যান্ডিং কমিটির বৈঠকের দ্বিতীয় দিনে বিরোধীদের আনা হিন্দি আগ্রাসনের অভিযোগ নস্যাৎ করতে উঠেপড়ে লাগল শাসক শিবির। শুক্রবার হিন্দির পালটা স্থানীয় ভাষাগুলিকে হাতিয়ার করেই যুক্তি দিয়েছেন কমিটির বিজেপি সদস্যরা। পাশাপাশি, বিল নিয়ে সমস্ত সদস্যকে ১৫ দিনের মধ্যে লিখিত মতামত জমা দিতে বলে এদিনই চিঠি দিয়েছেন চেয়ারম্যান ব্রিজলাল। এই ধরনের জটিল বিষয় বিশ্লেষণ করতে যা খুবই কম সময় বলে কংগ্রেসের দিগ্বিজয় সিং প্রতিবাদ করেছেন বলে সূত্রের খবর।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার উপস্থিতিতে এদিন কমিটির সদস্যরা নানা সুপারিশও করেছেন। সুপরিচিত আইনজীবী ডিএমকে-র এন আর এলাঙ্গো-সহ কয়েকজন সাংসদ বলেছেন, প্রস্তাবিত আইনগুলিতে নাগরিকদের অধিকারের উপরও জোর দেওয়া উচিত।
[আরও পড়ুন: কবির সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হতেই খুন! ২০ বছর পর জেলমুক্ত উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী]
জানা গিয়েছে, বাংলার বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বিরোধীদের হিন্দি আগ্রাসনের অভিযোগ ঠিক নয় বলে যুক্তি দেন। বিলগুলির নাম আসলে সংস্কৃতে রয়েছে বলে দাবি করেছেন তিনি। তিনি বলেন, দেশের সমস্ত আদালতে আঞ্চলিক ভাষায় আইনি প্রক্রিয়া চালানো উচিত। কারণ বহু মানুষই ইংরেজি জানেন না। অনেক সময় কী রায় দেওয়া হচ্ছে, সেটাও বুঝতে পারেন না বলে যুক্তি দিয়েছেন তিনি। দিলীপের প্রস্তাবকে কমিটির বিজেপি সদস্যরা যেমন খোলাখুলি সমর্থন করেছেন, তেমনই বিরোধী দলের সাংসদরা এতে সম্মতি জানিয়েছেন বলে জানা গিয়েছে। এদিনের বৈঠকে দিলীপ আরও একটি প্রস্তাব দিয়েছেন।
সূত্রের খবর, বিদেশের মাটিতে ভারতীয় সম্পদ ভাঙুচুর ও জাতীয় পতাকার অবমাননার মতো ঘটনায় যুক্তদের বিরুদ্ধে আইনি বিধান তৈরির কথা বলেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা ভারতীয় দূতাবাসে ভাঙচুরের কথা উল্লেখ করেছেন। বৈঠকের প্রথমদিন থেকেই আক্রমণাত্মক ভূমিকায় দেখা গিয়েছে দিলীপকে। আগামী মাসে নতুন কমিটি তৈরি হলে তাঁকে চেয়ারম্যানের ভূমিকায় দেখা যেতে পারে, এমন জল্পনাও শোনা গিয়েছে।
