বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রেমিকার সন্তান! দেড় বছরের শিশুকে রাস্তায় আছড়ে খুনের অভিযোগ উঠল মায়ের প্রেমিকের বিরুদ্ধে। নৃশংস খুনের ফুটেজ ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। অভিযুক্ত প্রেমিক পলাতক। খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
হাড়হিম করা ঘটনাটি উত্তরপ্রদেশের ফিরোজাবাদের। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির মা রতিদেবীর সঙ্গে কয়েক বছের আগে বিয়ে হয় সুমিত নামে এক যুবকের। কিন্তু তাঁদের বনিবনা না হওয়ায় দেড় বছরের সন্তানকে নিয়ে আলাদা থাকছিলেন মহিলা। এর মাঝেই রতিদেবীর সঙ্গে আলাপ হয় বিরাজ নামে এক যুবকের সঙ্গে। তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে দাবি স্থানীয়দের। কিন্তু বিয়েতে রাজি ছিলেন না রতি। অনুমান, সন্তানের কথা ভেবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
এখানেই বিপত্তি! ওই প্রেমিক শিশুটিকে পথের কাটা মনে করতে থাকেন। কয়েকদিন আগে মাসির বাড়িতে গিয়েছিলেন রতি। সেখানেই হাজির হন তাঁর প্রেমিক। শিশুটিকে লজেন্স কিনে দেওয়ার নামে নিয়ে গিয়ে রাস্তায় আছাড় মেরে খুন করে সে। পাড়া-প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। তাঁরা শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
খবর যায় পুলিশে। তদন্তকারীরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই দিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রেমিক। তবে এলাকার সিসিটিভি ফুটেজে অপরাধের দৃশ্য ধরা পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
