shono
Advertisement
Chips and cold drinks

স্কুলের আশেপাশে আর মিলবে না চিপস, কোল্ড ডিঙ্ক্রস! বিরাট সিদ্ধান্ত সরকারের

সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত ও বেসরকারি—সব ধরনের স্কুলের ক্ষেত্রেই এই নির্দেশ লাগু করতে হবে।
Published By: Arpita MondalPosted: 03:18 PM Aug 02, 2026Updated: 03:30 PM Aug 02, 2026

স্কুল ও আশেপাশে কোনও জাঙ্ক ফুড বিক্রি করা যাবে না। স্কুলের ৫০ মিটারের মধ্যে চকলেট, চিপস, মিষ্টি পানীয়, কোনও ভাজাভুজি বিক্রি করা যাবে না। চর্বি, লবণ ও চিনিযুক্ত অন্যান্য খাবার বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু প্রশাসনিক নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়, বাড়িতে স্বাস্থ্যকর খাবারের অভ্যাস, পুষ্টি বিষয়ক শিক্ষা ও নিয়মিত শারীরচর্চার মতো বিষয়গুলিও কার্যকর করতে হবে।

Advertisement

মহারাষ্ট্র প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত ও বেসরকারি—সব ধরনের স্কুলের ক্ষেত্রেই এই নির্দেশ লাগু করতে হবে। সেই সঙ্গে স্কুলগুলিকে তাদের ক্যাম্পাস থেকে অস্বাস্থ্যকর খাবার সরিয়ে ফেলতে হবে। একই সাথে ফলমূল, শাকসবজি, শস্য, ডাল ও দুগ্ধজাত খাবারের প্রাপ্যতা বাড়াতে উৎসাহিত করতে হবে।

প্রসঙ্গত, ভারতে শিশুদের স্থূলতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 'ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস ২০২৬'-এর রিপোর্ট অনুযায়ী, ৫ থেকে ১৯ বছর বয়সী প্রায় ৪ কোটি ১০ লক্ষ ভারতীয় শিশু অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছে বা স্থূলতার শিকার। মহারাষ্ট্রে 'ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে'-এর তথ্যে দেখা গেছে, ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৪.৩ শতাংশ অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছে, যেখানে জাতীয় গড় হার ৩.৪ শতাংশ।

দিল্লির এক শিশু বিশেষজ্ঞের মতে, দিনের বড় একটা সময় শিশুরা স্কুলে কাটায়। ফলে তাদের খাদ্যাভ্যাস গড়ে তোলায় স্কুলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই উদ্যোগের উদ্দেশ্য হল, জাঙ্ক ফুড যেন কোনওভাবে খাদ্যতালিকার অংশ না হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত স্ন্যাকস ও পানীয় শরীরে প্রয়োজনীয় পুষ্টি দেয় না। এর পরিবর্তে ফল, দুধ ও সুষম খাবার শিশুদের শারীরিক বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ করতে সাহায্য করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement