shono
Advertisement
Supreme Court collegium

কলেজিয়ামে বেনিয়ম? বিচারপতি নিয়োগ নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতিই

বিচারপতি ভূঁইয়ার দাবি, বিচারপতি নিয়োগের পক্ষে সুনির্দিষ্ট কারণ না জানানো বিচার বিভাগের স্বার্থের পরিপন্থী।
Published By: Subhajit MandalPosted: 03:41 PM Aug 02, 2026Updated: 03:41 PM Aug 02, 2026

মোদি জমানায় সুপ্রিম কোর্টের কলেজিয়াম নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এবার সেই বিতর্ক নতুন করে উসকে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। তিনি কলেজিয়াম সিস্টেমের দায়বদ্ধতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন। কলেজিয়াম ব্যবস্থার অস্বচ্ছতা এবং জবাবদিহির অভাব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি ভূঁইয়া।

Advertisement

বিচারপতি ভূঁইয়ার দাবি, বিচারপতি নিয়োগের পক্ষে সুনির্দিষ্ট কারণ না জানানো বিচার বিভাগের স্বার্থের পরিপন্থী। তাঁর কথায়, কলেজিয়ামের সাম্প্রতিক প্রস্তাবগুলিতে বিচারপতির নাম সুপারিশের সপক্ষে কোনও কারণ বা ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। তিনি বলেন, "কারণ না দেখিয়ে আপনারা আসলে সেই সব বিচারপতিদের প্রতি অবিচার করছেন, যাঁরা প্রকৃত মেধাবী এবং অসাধারণ কাজ করেছেন। এটা না করার ফলে আমরা এমন কিছু লোককে বিচার বিভাগে প্রবেশ করতে দিচ্ছি, যারা পরবর্তীতে একদল মানুষকে 'পিঁপড়ে' ইত্যাদি বলে আখ্যা দেবেন। যে মন্তব্য সম্পূর্ণ অসাংবিধানিক ও আপত্তিকর।"

শীর্ষ আদালতের বিচারপতির কথায়, "এই ধরনের লোকেদের প্রবেশ ঠেকাতে আলোচনা হওয়া উচিত। কারণ দর্শানো উচিত। জনসমক্ষে আলোচনা করলে কী ক্ষতি হয়? কাদের, কেন নিয়োগ করা হচ্ছে, জনগণের সেটা জানার অধিকার রয়েছে।" বিচারপতি এই মন্তব্য করেন হাই কোর্টের এক প্রাক্তন বিচারপতির প্রসঙ্গে, যিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন।

বলে রাখা দরকার, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকারের তরফে কলেজিয়াম সিস্টেম বাতিল করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে তৎকালীন আইনমন্ত্রী কিরেন রিজিজুর নিত্য বাদানুবাদ চলত। তবে চব্বিশের লোকসভা নির্বাচনের পর আইনমন্ত্রীর পদ থেকে সরানো হয় রিজিজুকে। তারপর অবশ্য ওই বিতর্ক চাপা পড়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement