তামিলনাড়ু বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে বিরোধী ডিএমকে বিধায়কদের ‘পার্টি ফান্ড’ নিয়ে বিবাদে তুমুল উত্তেজনা ছড়াল মঙ্গলবার। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সভা থেকে ওয়াক আউট করেন এম কে স্ট্যালিনের দলের সদস্যরা।
এদিন রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে বিজয়ের ভাষণের মাঝে বারবার বাধা দিতে থাকেন ডিএমকে এমএলএ-রা। ডিএমকে দলীয় তহবিলের নাম করে টাকা তুলছে বলে অভিযোগ করেন বিজয়। প্রতিবাদে স্লোগান দেন ডিএমকে বিধায়করা। স্পিকার ও শাসক শিবিরের সদস্যরা বারবার তাঁদের শান্ত হতে অনুরোধ করলেও তাতে কাজ হয়নি।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, বিজয় স্ট্যালিনের ভাইরাল হওয়া হাতের মুদ্রা নকল করছেন, তাঁকে বাহবা দিচ্ছেন টিভিকে এমএলএরা।
বিজয়কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, ওরা পার্টি ফান্ডের নামে টাকা তুলছে। আমরা কখনওই জনসাধারণের টাকা লুঠ হতে দেব না। প্রতিটি দুর্নীতির মামলা সামনে এলেই তদন্ত হবে, জড়িত থাকলে কেউই ছাড় পাবে না। বিজয়ের দল টিভিকে শক্তি বাড়াতে বিরোধী শিবির থেকে বিধায়ক কেনাবেচা করেছে বলে অভিযোগ তোলে ডিএমকে। পাল্টা মুখ খোলেন বিজয়।
এদিন ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, বিজয় স্ট্যালিনের ভাইরাল হওয়া হাতের মুদ্রা নকল করছেন, তাঁকে বাহবা দিচ্ছেন টিভিকে এমএলএরা। কিছুদিন আগে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যাতে দেখা গিয়েছে, স্ট্যালিন কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার পর ডিএমকে দপ্তর ছাড়ার সময় হাত নাড়ছেন। সোশাল মিডিয়ায় বলাবলি শুরু হয়, স্ট্যালিন বোঝাতে চাইছেন, কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া হয়ে গিয়েছে, সব ঠিক আছে। ঘটনাচক্রে শেষ পর্যন্ত কংগ্রেস তাঁকে ছেড়ে টিভিকে-র সঙ্গী হয়। বিজয় আজ সেটা নিয়েই তাঁকে বিদ্রুপ করে হাতের মুদ্রা দেখালেন বলে জল্পনা চলছে।
