কেরল নির্বাচনের আগে কংগ্রেস এবং সিপিএমের সম্পর্ক তিক্ততার চরম পর্যায়ে। রাহুল গান্ধী আগেই বিজেপিকে সিপিএমের বি টিম বলে দেগে দিয়েছিলেন। এবার পালটা এল পিনারাই বিজয়নের তরফ থেকে। তিনি পালটা কংগ্রেস এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেই বিজেপির বি টিম বলে তোপ দাগলেন। বিজেপির সুরে সুর মিলিয়ে তিনিও দাবি করলেন, 'রাহুল সেই বিরল প্রতিভা যিনি বারবার এক ভুল করেও বোঝেন না।'
এতদিন পর্যন্ত বাম ও কংগ্রেসের সম্পর্ক ছিল দিল্লি-বাংলায় দোস্তি, কেরলে কুস্তি। কিন্তু এবারের কেরলের বিধানসভা ভোটের আগে সবরকম দোস্তি ভুলে রোদস্তুর কুস্তির মেজাজে সিপিএম এবং কংগ্রেস। দিন কয়েক আগে কেরলে ভোটপ্রচারে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা বলে দেন, "ডোনাল্ড ট্রাম্প যেভাবে নরেন্দ্র মোদিকে নিয়ন্ত্রণ করেন, ঠিক একইভাবে নরেন্দ্র মোদি নিয়ন্ত্রণ করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। দু’জনে কেরলে একসঙ্গে কাজ করছেন। গোটা দেশে বিরোধীদের উপর ইডি-সিবিআই আক্রমণ করছে। অথচ এখানকার মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ কেন্দ্রীয় এজেন্সগুলি করছে না।" রাহুল দাবি করেন, "কেরলে সিপিএম এবং বিজেপি একসঙ্গে কাজ করছে। ওরা সিপিএম-বিজেপি নয়। ওরা আসলে সিজেপি।”
এবার পালটা দিলেন কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন। তাঁর বক্তব্য, বিজেপির প্রকৃত বিরোধিতা করছে বামপন্থীরাই। বরং রাহুল গান্ধী এবং কংগ্রেসের কার্যকলাপ বলছে, তারাই কংগ্রেসের বি টিম হয়ে দাঁড়িয়েছে। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিজয়ন বলছেন, "জাতীয় স্তরের কার্যক্রম যদি খুঁটিয়ে দেখা হয় তাহলেই বোঝা যাবে, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসই বিজেপি-র আসল বি টিমে পরিণত হয়েছে। এখনই বিশদে কিছু বলব না আমি।"
যে সুরে বিজেপি রাহুল গান্ধীকে পাপ্পু বলে কটাক্ষ করে, সেই সুরেই বিজয়নের কটাক্ষ, রাহুল সেই বিরল প্রকৃতির মানুষ যারা বারবার ভুল করেও শেখে না। বিজয়নের কথায়, "চোখে দেখে, নিজ নিজ অভিজ্ঞতা দিয়েও কিছু মানুষের শিক্ষা হয় না। ওরা স্বাভাবিক নন, বিরল। যাঁদের কিছু অনুধাবন করার ক্ষমতা নেই, রাহুল সেই গোত্রে পড়েন।"
