হিন্দু দেবদেবীদের অপমান এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ। ভারতে ‘ব্লক’ করা হল খ্যাতনামা ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠির (Dhruv Rathee) একটি ইউটিউব ভিডিও। মঙ্গলবার দিল্লি হাই কোর্টে এ কথা নিশ্চিত করেছে গুগল।
জানা গিয়েছে, গত ২১ মার্চ ভিডিওটি পোস্ট করেছিলেন ধ্রুব। এরপরই আইনজীবী অমিতা সচদেবা দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। দাবি করেন, ভিডিওটি সম্পূর্ণভাবে যাতে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়। তিনি অভিযোগ করেন, ভিডিওটির বিষয়বস্তু অত্যন্ত ক্ষতিকর ও অবমাননাকর, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। এর কয়েক সপ্তাহ পর, গত ১৫ জুলাই, ‘গ্রিভেন্স অ্যাপেলেট কমিটি’ (জিএসি) ভিডিওটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়। মঙ্গলবার বিচারপতি স্বর্ণ কান্ত শর্মার নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানির সময় গুগল জানায়, জিএসি-র নির্দেশ মেনে তারা ভারতে সংশ্লিষ্ট ভিডিওটি ‘ব্লক’ করেছে। তবে গুগল স্পষ্ট করেছে, বিশ্বব্যাপী ভিডিওটি সরিয়ে ফেলা হয়নি।
প্রসঙ্গত, ভিডিওতে হিন্দু ধর্মগ্রন্থ ও দেবদেবীকে নিয়ে ধ্রুবের করা বিভিন্ন দাবি ঘিরে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, ভিডিওতে ধ্রুব ইঙ্গিত করেন যে, হিন্দু দেবদেবীরা মাংস ও মদ্যপান করতেন। শুধু তাই নয়, ইউটিউবারের বিরুদ্ধে ধর্মীয় গ্রন্থগুলিকে বিকৃতভাবে উপস্থাপনেরও অভিযোগ উঠেছে। অমিতা তাঁর আবেদনে দাবি করেন, ধ্রুব সনাতন ধর্মকে অবমাননা করে হিন্দু-বিরোধী মনোভাব উসকে দিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন বলেও দাবি করেন তিনি। আগামী ৩ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি।
