shono
Advertisement
DMK delimitation bill

তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত

ডিএমকে-র ২২ জন সাংসদের সমর্থন না-পেলে সরকারের পক্ষে সংশোধনী বিল পাস করানো কঠিন হবে।
Published By: Subhajit MandalPosted: 12:23 PM Aug 09, 2026Updated: 01:35 PM Aug 09, 2026

ডিলিমিটেশন বিল নিয়ে দোনামনা জারি রাখার চেষ্টায় এম কে স্ট্যালিনের ডিএমকে। একদিন আগেই উদয়নিধি স্ট্যালিন বলেছিলেন, তাঁরা কোনওভাবেই ওই বিল সমর্থন করবেন না। অথচ বিলের বিরোধিতায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সর্বদল বৈঠকে যোগ দিল না ডিএমকে। তামিলনাড়ুর ৫৭ জন সাংসদের মধ্যে ২১ জন ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁরা সম্মিলিতভাবে কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় সরব হন।

Advertisement

শনিবার সকালেই ডিএমকের রাজ্যসভার সাংসদ কানিমোঝি এক্স-হ্যান্ডলে একটি পোস্টে এ ব্যাপারে দলের অবস্থান স্পষ্ট করেন। বিজয়ের ডাকা বৈঠককে কাবেরী জল সমস্যা থেকে মনোযোগ সরানোর জন্য একটি 'প্রহসন' বলে অভিহিত করেন তিনি। এমনকি, ডিএমকে যেদৃঢ় ভাবে ডিলিমিটেশনের বিরোধিতা করে আসছে, তা-ও উল্লেখ করেন কানিমোঝি।

তিনি জানান, বাদল অধিবেশনে সীমানা পুনর্নির্ধারণ বিল আনার বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সংশোধিত খসড়া বিলটিও এখনও তাঁদের হাতে আসেনি। মুখ্যমন্ত্রী বিজয়ের ডাকা বৈঠকের সময় ও প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, যখন সব দল সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে তাদের অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, তখন এই বৈঠকের প্রয়োজন কী? রাজ্যের অপর প্রধান দল এআইএডিএমকে-ও বৈঠকে অনুপস্থিত ছিল।

প্রসঙ্গত, ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের পুত্র তথা তামিলনাড় বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি শুক্রবার জানিয়েছিলেন, সীমানা পুনর্বিন্যাস করে লোকসভার আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের পেশ করা ১৩১তম সংবিধান সংশোধনী বিল তাঁরা সমর্থন করবেন না। যদিও সূত্রের দাবি, বিলের খসড়ায় তিনটি সংশোধন করা হলে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে স্ট্যালিনের দল। যার মধ্যে রয়েছে প্রতি রাজ্যে ৫০ শতাংশ আসন বাড়ানোর প্রতিশ্রুতি। কোন রাজ্যে ক'টি আসন বাড়ানোর প্রস্তাব থাকবে, তা প্রকাশ্যে আনারও শর্ত দিয়েছে ডিএমকে। সেটা লিখিত আকারে বিলে রাখতে হবে। আরেকটি অঘোষিত শর্ত হল, স্ট্যালিন পরিবারকে কেন্দ্রীয় এজেন্সিগুলির হাত থেকে সুরক্ষা দিতে হবে। অঙ্ক বলছে, ডিএমকে-র ২২ জন সাংসদের সমর্থন না-পেলে সরকারের পক্ষে সংশোধনী বিল পাস করানো কঠিন হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement