মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এসে পড়েছে ভারতে। এর জেরে দেশজুড়ে সৃষ্টি হয়েছে গ্যাস সংকট। এই পরিস্থিতিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও-র সঙ্গে ফোনে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। সোমবার দুই রাষ্ট্রনেতার ফোনালাপ হয় বলে জানা গিয়েছে।
ফোনালাপের বিষয়টি জয়শংকর নিজেই জানিয়েছেন। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। আলোচনার মূল বিষয় ছিল পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক অর্থনীতির উপর এর প্রভাব। শুধু তা-ই নয়, যুদ্ধের জেরে বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে, সেই বিষয়টিও উত্থাপন করা হয়েছে।’ তবে ফোনালাপ নিয়ে বিস্তারিত কিছুই জানাননি বিদেশমন্ত্রী। বলে রাখা ভালো, ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম জয়শংকর এবং রুবিও কথা বললেন। এর আগে ওয়াশিংটনে বিরল খনিজ নিয়ে দু’পক্ষের আলোচনা হয়েছিল।
উল্লেখ্য, সোমবার ২৫ দিনে পড়েছে ইরান যুদ্ধে। এই লড়াইয়ে ইরান ছারখার হলেও প্রত্যাঘাতে আমেরিকার ক্ষয়ক্ষতিও কম হয়নি। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে একাধিক মার্কিন ঘাঁটি ক্ষতবিক্ষত হয়েছে মার্কিন হামলায়। শেষ ২০ দিনের যুদ্ধে এখনও পর্যন্ত ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ও ৬টি কেসি ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। ইজরায়েলের হাইফা তেল সংশোধনাগারের পাশাপাশি মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা একাধিক তেল ও গ্যাসের ভাণ্ডার ধ্বংস করছে ইরান। হরমুজ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম ব্যারেল পিছু ১০০ ডলার পেরিয়েছে।
