মেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকা পরীক্ষায় (নিট-ইউজি) কিছু ভুল হয়েছিল। পদত্যাগ না করলেও বুধবার ফের তা মেনে নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। যদিও তাঁর বক্তব্য, সেই ভুল শুধরে নেওয়া হয়েছে দ্বিতীয়বারের পরীক্ষায়। সেই কারণেই রি-নিটে কোনও সমস্যা হয়নি।
প্রথমবার গত ৩ মে ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রশ্নফাঁস কাণ্ড সামনে আসে। এই ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত নিট-ইউজি বাতিলের সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। সেই পরীক্ষাই নতুন করে হয়েছে গত ২১ জুন। একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মন্তব্য করেছেন, ‘‘আমি স্বীকার করছি যে অতীতে আমরা ভুল করেছি। তবে আমরা সে সব ভুলত্রুটি শুধরেও নিয়েছি।’’ তিনি আরও বলেন, ‘‘পুনঃপরীক্ষায় কোনও সমস্যা হয়নি। নিট পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারের প্রতি আমার বার্তা হল, ইতিবাচক থাকুন এবং সরকারি ব্যবস্থার উপর আস্থা রাখুন। প্রধানমন্ত্রী মোদি অনেক কিছু করছেন। আমরা ব্যবস্থাকে সঠিক পথে এনেছি।’’
প্রসঙ্গত, ঝুঁকি এড়াতে পুনঃপরীক্ষায় একাধিক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। প্রধান পরীক্ষাকেন্দ্রগুলিতে প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় বায়ুসেনা। পরীক্ষার দিন দিল্লি ও উত্তরপ্রদেশের সীমানায় ওখলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি’র (এনটিএ) সদর দপ্তর থেকে ১ লক্ষ ৩৮ হাজার ৫৬০টি সিসি ক্যামেরার মাধ্যমে সরাসরি বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে নজরদারি চালানো হয়। এমনকী প্রশ্নফাঁস এড়াতে টেলিগ্রাম অ্যাপকে সাময়িকভাবে নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার।
