shono
Advertisement
EPFO Withdrawal

কবে থেকে এটিএম, ইউপিআই মাধ্যমে তোলা যাবে পিএফ-এর টাকা? জেনে নিন দিনক্ষণ

এই পদক্ষেপের লক্ষ্য হল দেশজুড়ে ৭ কোটিরও বেশি ইপিএফও গ্রাহকের জন্য পিএফ-এর টাকা তোলাকে আরও দ্রুত, সহজ এবং সুবিধাজনক করে তোলা।
Published By: Kishore GhoshPosted: 02:55 PM Jun 18, 2026Updated: 05:35 PM Jun 18, 2026

সরাসরি ইউপিআই ও এটিএম মাধ্যমে ইপিএফ-এ সঞ্চিত টাকা তোলা যাবে। আগেই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এবার জানা গেল চলতি মাসেই টাকা তোলার এই সহজ পদ্ধতি চালু হতে চলেছে। এখন কেবল নির্দিষ্ট দিন ঘোষণা বাকি। পিএফ হোল্ডাররা জুন মাসের শেষ হওয়ার আগেই এই সুবিধা পেতে চলেছেন বলেই খবর। ইপিএফও ৩.০ অ্যাপ চালু হতেই নতুন প্রকল্পটি শুরু হয়ে যাবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশজুড়ে ৭ কোটিরও বেশি ইপিএফও গ্রাহকের জন্য পিএফ-এর টাকা তোলাকে আরও দ্রুত, সহজ এবং সুবিধাজনক করে তোলা।

Advertisement

এর আগে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়ে ছিলেন, খুব শিগগির নতুন পদ্ধতি কার্যকর হতে চলেছে। সরকারি সূত্রে খবর, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) সঙ্গে যৌথভাবে কাজ করছে ইপিএফও। ইতিমধ্যে টাকা তোলার নতুন পদ্ধতির 'ট্রায়াল রান' সম্পূর্ণ হয়েছে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই ব্যবস্থাকে এবার সরাসরি পিএফ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হচ্ছে। নতুন এই ব্যবস্থায় গ্রাহকরা তাঁদের মোট জমানো পিএফ ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা ইউপিআই-এর মাধ্যমে মুহূর্তের মধ্যে তুলে নিতে পারবেন। বাকি ২৫ শতাংশ টাকা অবসরকালীন সঞ্চয় হিসেবে গচ্ছিত থাকবে। এই জমা টাকার উপর আগের মতোই নিয়মিত সুদ দেবে সংস্থা। মূলত চাকরি পরিবর্তনের সময় বা জরুরি প্রয়োজনে টাকা তোলা নিয়ে যে সমস্যা তৈরি হত, তা দূর করতেই এই উদ্যোগ।

ইউপিআই এবং এটিএম মাধ্যমে কীভাবে টাকা তুলবেন?
নতুন ব্যবস্থা চালু হলে ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই অ্যাকাউন্ট লিংক করা যাবে। যে কোনও সময় উমঙ্গ অ্যাপ বা ইপিএফের ওয়েসাইটের মাধ্যমে নিজস্ব ইউএএন নম্বর এবং লগ ইন আইডি দিয়ে টাকা ইউপিআই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য আবেদন করা যাবে। সেই আবেদনের পর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না। সঙ্গে সঙ্গেই সঞ্চিত টাকা চলে আসবে ইউপিআই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তারপর সেই অর্থ ইচ্ছামতো ব্যাবহার করা যাবে।

ইপিএফও ৩.০ অনেক দিক থেকেই স্বস্তি দেবে গ্রাহকদের। ইতিমধ্যে পিএফ স্বয়ংক্রিয়ভাবে অর্থ হস্তান্তরের সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এর অর্থ হল, যোগ্য গ্রাহকরা দীর্ঘ ম্যানুয়াল যাচাই-বাছাই প্রক্রিয়া ছাড়াই আরও দ্রুত বড় অঙ্কের টাকা পেতে পারবেন। সদস্যরা পরিচয় যাচাইয়ের জন্য উমঙ্গ অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশন টেকনোলজি ব্যবহার করতে পারবেন, যা একাধিক ফিজিক্যাল নথিপত্রের উপর নির্ভরতা কমাবে। সব মিলিয়ে গোটা পদ্ধতিতে গতি আসবে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement