shono
Advertisement
Jordan Brown

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে ফের গ্রেপ্তার মার্কিন 'সৈনিক', বাড়ছে বিপদ?

গ্রেপ্তারিতে অনেকেরই মনে পড়ে যাচ্ছে কুখ্যাত মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের কথা। চলতি বছর মার্চ মাসে দমদম বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তিনি আমেরিকার তথাকথিত ‘ডিপ স্টেট’-এর সঙ্গে যুক্ত।
Published By: Anwesha AdhikaryPosted: 09:58 AM Jul 14, 2026Updated: 03:18 PM Jul 14, 2026

পাসপোর্ট ছাড়াই সাত মাস ভারতে দিব্যি ঘুরে কাটিয়েছেন মার্কিন নাগরিক! চাঞ্চল্যকর তথ্য উঠে এল ওই ব্যক্তির গ্রেপ্তারির পর। রবিবার উত্তরপ্রদেশের মাইনিহা এলাকা থেকে নেপালে যাওয়ার চেষ্ট করেন জর্ডন ব্রাউন (Jordan Brown) নামে ওই মার্কিন ব্যক্তি। কিন্তু পাসপোর্ট না থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জেরা করে জানা গিয়েছে, গত নভেম্বর থেকে পাসপোর্ট ছাড়াই ভারতের একাধিক শহরে ঘুরে বেড়িয়েছেন জর্ডন!

Advertisement

গ্রেপ্তারির পর ৩৬ বছর বয়সি ওই মার্কিন নাগরিক দাবি করেন, তিনি প্রাক্তন নৌসেনা আধিকারিক। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জর্ডন পর্যটক ভিসায় থাইল্যান্ড পাড়ি দিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁর পাসপোর্ট হারিয়ে যায়। তা সত্ত্বেও দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন জর্ডন। থাইল্যান্ড থেকে জলপথে শ্রীলঙ্কা পৌঁছন। আবার সেখান থেকে জাহাজে চেপে চলে আসেন গোয়ায়। মার্কিন নাগরিকের দাবি অনুযায়ী, গত বছর ২ নভেম্বর তিনি গোয়ায় পা রাখেন। সেখান থেকে বেঙ্গালুরু হয়ে চলে যান উত্তরপ্রদেশের সোনাউলি সীমান্তে। এবার গন্তব্য নেপাল।

পাসপোর্ট দেখাতে না পারায় জর্ডনকে গ্রেপ্তার করে সশস্ত্র সীমা বল। তাঁর কাছে প্রায় ৩২ হাজার টাকা এবং দু'টি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। কিন্তু পাসপোর্ট, ভিসা, বা অন্যান্য কোনও বৈধ নথিপত্র পাওয়া যায়নি। জেরার সময়ে তিনি বারবার বয়ান বদল করেছেন বলেও আধিকারিকরা জানিয়েছেন। আপাতত জর্ডনের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।

এই গ্রেপ্তারিতে অনেকেরই মনে পড়ে যাচ্ছে কুখ্যাত মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের কথা। চলতি বছর মার্চ মাসে দমদম বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তিনি আমেরিকার তথাকথিত ‘ডিপ স্টেট’-এর সঙ্গে যুক্ত। ভারতের উত্তরপূর্বাঞ্চলে ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ভয়ংকর ষড়যন্ত্র করছিলেন তিনি। বিস্ফোরক অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন তিহাড় জেলে বন্দি রয়েছেন ম্যাথু। এবার আরও এক মার্কিন সৈনিক গ্রেপ্তার হলেন। প্রশ্ন উঠছে, পাসপোর্ট ছাড়া কী করে ভারতের বুকে এতদিন কাটিয়ে ফেললেন জর্ডন? কী করে একের পর এক শহরে নির্বিঘ্নে ঘুরে বেড়ালেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement