shono
Advertisement

ডাক্তার সেজে বছরের পর বছর ধরে চিকিৎসা! গ্রেপ্তার স্বাস্থ্য বিভাগের নিরাপত্তারক্ষী

আদিবাসীদের 'ত্রাতা' সেজে নিজের কার্যসিদ্ধি করত ভুয়ো চিকিৎসক।
Posted: 03:38 PM Jan 29, 2022Updated: 03:39 PM Jan 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুয়ো ডাক্তারের ভুল চিকিৎসার বলি পাঁচ আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) থানে জেলার টোকাওয়াড়ে এলাকায়। অভিযুক্ত ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। 

Advertisement

ধৃতের নাম পাণ্ডুরাঙ্গ গোলাপ। বয়স ৭২ বছর বয়স।  প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, প্রাইমারি স্বাস্থ্য বিভাগের নিরাপত্তারক্ষীর কাজ করত সে। পরে ডাক্তার সেজে প্রতারণার ছক কষে। ২০০৯ সালে নিজের ক্লিনিক খোলে পাণ্ডুরাঙ্গ। সেই থেকেই গ্রামের আদিবাসী মানুষজন তার কাছে যেতেন। 

[আরও পড়ুন: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, রামকৃষ্ণ মিশনের রাঁধুনির রহস্যমৃত্যুতে গ্রেপ্তার মহারাজ]

অভিযোগ নিজের ইচ্ছেমতো ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিয়ে দিত পাণ্ডুরাঙ্গ। বিশ্বাস করে সেই ওষুধ খেয়ে নিতেন আদিবাসীরা। তাঁর এই ভুয়ো চিকিৎসার জেরে পাঁচজন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে একজন তিন মাসের গর্ভবতী মহিলা ছিলেন।  স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আদিবাসী ক্রান্তি সেনার কর্মী দীনেশ যাদব জানান, গ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে স্বাস্থ্যকেন্দ্র। সেখানে শুধু সর্দি-কাশি ও জ্বরের চিকিৎসা হয়। শরীর বেশি খারাপ হলে থানে সিভিল হাসপাতালের দ্বারস্থ হতে হয় গ্রামের বাসিন্দাদের।

নিরীহ এই আদিবাসীদের ‘ত্রাতা’ সেজে নিজের কার্যসিদ্ধি করত পাণ্ডুরাঙ্গ। একসঙ্গে পাঁচজন অসুস্থ হয়ে পড়ায় সন্দেহ হয় গ্রামবাসীদের। হাসপাতালে যাওয়ার পর জানা যায়, এতদিন ভুল চিকিৎসা হচ্ছিল তাঁদের। হাসপাতালের চিকিৎসকরা পাঁচ জনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। সমস্ত ঘটনার অভিযোগ পুলিশে জানানো হয়। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। পাণ্ডুরাঙ্গকে গ্রেপ্তার করা হয়। ৩০৪A ধারায় মামলা নথিভূক্ত করা হয়েছে।   ভুয়ো চিকিৎসকের আপাতত চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর ক’জন তার এই ভুল চিকিৎসার বলি হয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের অনেকের দাবি, এমন অনেক ভুয়ো ডাক্তারই ওই এলাকায় রয়েছে। তাঁদের খোঁজও নেওয়া হচ্ছে বলে খবর।    

[আরও পড়ুন: আরও নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, তবে নতুন করে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement