shono
Advertisement
FASTag

জাতীয় সড়কে সফর আরও ব্যয়বহুল! এক ধাক্কায় অনেকটাই বাড়ছে ফাস্টট্যাগের বার্ষিক পাসের দাম

যাত্রীদের সুবিধার কথা ভেবে গত বছরের আগস্ট মাসে ফাস্টট্যাগ বার্ষিক পাস চালু হয়। নিয়মিতভাবে জাতীয় সড়কে চলাচল করে এমন গাড়ি চালকদের সুবিধার কথা ভেবেই এই পাস চালু করা হয়।
Published By: Kousik SinhaPosted: 08:08 PM Mar 15, 2026Updated: 08:56 PM Mar 15, 2026

ফাস্টট্যাগ বার্ষিক পাসের দাম বাড়াল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ইতিমধ্যে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের অধীন এনএইচএআই'র তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে ফাস্টট্যাগের বার্ষিক পাস নিতে হলে দিতে হবে ৩০৭৫ টাকা। আগে এই পাসের দাম ছিল মাত্র ৩০০০ টাকা। অর্থাৎ একধাক্কায় বার্ষিক পাসের দাম বাড়ল ৭৫ টাকা। চলতি বছরের আগামী ১লা মার্চ থেকেই বর্ধিত এই মূল্য দিতে হবে বলে জানানো হয়েছে। তবে নতুন এই ফি শুধুমাত্র নন-কমার্সিয়াল গাড়িতেই প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ ব্যক্তিগত গাড়ি মালিকদের এখন থেকে বাড়তি টাকা খরচ করতে হবে জাতীয় সড়কে যাতায়াতের ক্ষেত্রে।

Advertisement

যাত্রীদের সুবিধার কথা ভেবে গত বছরের আগস্ট মাসে ফাস্টট্যাগ বার্ষিক পাস চালু হয়। নিয়মিতভাবে জাতীয় সড়কে চলাচল করে এমন গাড়ি চালকদের সুবিধার কথা ভেবেই এই পাস চালু করা হয়। এক্ষেত্রে অতিরিক্ত শুল্ক এড়ানো সম্ভব হয়। নয়া এই ফাস্টট্যাগ বার্ষিক পাস বৈধতা একবছর। শুধু তাই নয়, একজন চালক এর মাধ্যমে সর্বাধিক ২০০ টোল প্লাজা ব্যবহার করতে পারবেন। এরপর রাজমার্গ যাত্রা অ্যাপ কিংবা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সরকারি ওয়েবসাইট থেকে এই পাস আবার রিচার্জ করা সম্ভব। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে প্রায় ৫০ লক্ষেরও বেশি গাড়ির মালিক ফাস্টট্যাগ বার্ষিক পাস ব্যবহার করে থাকে।

এদিকে গত কয়েকদিন আগেই হাইওয়েতে থাকা টোলে আর কোনও নগদে লেনদেন হবে না সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের সরকার। টোল ট্যাক্স দিতে হবে কেবলমাত্র ফাস্টট্যাগ বা ইউপিআই পদ্ধতিতে। এই মর্মে গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। যেখানে স্পষ্ট জানানো হয়, আগামী ১ এপ্রিল থেকে গোটা দেশে কার্যকর হবে নয়া নিয়ম। অর্থাৎ, দেশের সমস্ত মহাসড়ক এবং জাতীয় সড়কের টোল প্লাজায় নগদ লেনদেন চলবে চলতি অর্থবর্ষের ৩১ মার্চ পর্যন্ত। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক মনে করছে, 'ক্যাশলেশ টোলিং' ব্যবস্থা দ্রুত, স্বচ্ছ এবং অনেক বেশি নির্ভরযোগ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement