সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা কাশ্মীরের গুলমার্গ উপত্যকায়। চারজনের পরিবার-সহ মোট সাত জনের মৃত্যু হল গন্ডোলা ভেঙে পড়ে। সূত্রের খবর, প্রায় শতাধিক মানুষ আটকে রয়েছেন দুর্ঘটনাস্থলে। গন্ডোলার ওপর বড় একটি পাইন গাছের ভেঙ্গে পড়ার সঙ্গে সঙ্গেই সেটি মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জনের। এদিনের দুর্ঘটনায় ওই পরিবারের দুই শিশুরও মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। আক্রান্ত পরিবারটি দিল্লির শালিমার বাগ থেকে এসেছিল।
উদ্ধারকারী দল মারফত যে খবর মিলেছে, তাতে জানা গিয়েছে ঝোড়ো হাওয়ায় দুলতে থাকে গন্ডোলাটি। তার উপর বড় একটি পাইন গাছের অংশ ভেঙে পড়ে। তার ছিঁড়ে কয়েকশো মিটার নিচে পড়ে যায় সেটি। তবে বেসরকারি সূত্র মারফত খবর, একটি বড় টাওয়ার ভেঙে পড়াতেই দুর্ঘটনাটি ঘটে। যে পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে, তাঁদের নাম প্রকাশ করেছে পুলিশ। মৃতরা হলেন জয়ন্ত আন্দ্রাসকর, মানেশা আন্দ্রাসকর ও তাদের দুই সন্তান অনঘা ও জাহ্ণবী আন্দ্রাসকর। এর পাশাপাশি, মুখতার আহমেদ গনি নামে একজন ট্যুরিস্ট গাইডও মারা গিয়েছেন বলে জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর। বাকি দুই মৃত ব্যক্তির নাম ফারুক আহমেদ ও জাভেদ আহমেদ খান্ডে।
প্রসঙ্গত, গুলমার্গের এই গন্ডোলা পরিষেবা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রোপওয়ে পরিষেবা। যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৩,৭৮০ ফুট ওপরে পর্যটকদের বরফ মোড়া কাশ্মীর ঘুরিয়ে দেখায়। এক ঘন্টায় এই রোপওয়ে পরিষেবা প্রায় ৬০০ পর্যটককে বহন করতে পারে। তবে এদিনের এই দুর্ঘটনায় যথেষ্ট আতঙ্কিত পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা।
The post গুলমার্গে গন্ডোলা ভেঙে মৃত ৭, আটকে বহু পর্যটক appeared first on Sangbad Pratidin.
