shono
Advertisement
Iran US War

‘হরমুজগামী জাহাজে ভারতীয়দের নেবেন না’, নাবিকদের বাঁচাতে বড় নির্দেশ কেন্দ্রের

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে হরমুজে এখনও পর্যন্ত অন্তত ৯ ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 01:01 PM Jul 16, 2026Updated: 03:35 PM Jul 16, 2026

ইরান-আমেরিকা সংঘাতে (Iran US War) উত্তপ্ত হরমুজ প্রণালী। হামলা হচ্ছে একের পর এক বাণিজ্যতরীতে। যার ফলে মৃত্যু হয়েছে বহু ভারতীয় নাবিকের। এই পরিস্থিতিতে নাবিকদের বাঁচাতে জাহাজ মালিক, জাহাজ ব্যবস্থাপক এবং ‘রিক্রুটমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট সার্ভিস লাইসেন্স’ (আরপিএসএল) প্রাপ্ত সংস্থাগুলিকে বড় নির্দেশ দিল নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্র জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে হরমুজগামী জাহাজে ভারতীয়দের নেওয়া যাবে না।

Advertisement

সামুদ্রিক বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন নির্দেশিকাটি জারি করেছে। সেখানে তারা লিখেছে, ‘উপসাগরীয় অঞ্চলে বর্তমান পরিস্থিতি এবং নিরাপত্তার কথা মাথায় রেখে জাহাজ মালিক, ব্যবস্থাপক এবং আরপিএসএল সংস্থাগুলিকে একটি নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে হরমুজে চলাচলকারী কোনও জাহাজে যেন ভারতীয় নাবিকদের নিয়োগ করা না হয়।’ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশই বহাল থাকবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি পারস্য উপসাগর এবং হরমুজ সংলগ্ন জলপথে চলাচলের সময় জাহাজগুলিকে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন।

প্রসঙ্গত, সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, ‘মোম্বাসা’ এবং ‘আল বাহিয়া’ নামে দু’টি জাহাজের উপর হামলা চালিয়েছে ইরান। ওমান উপকূলের কাছে ওই হামলায় আহত হন মোট আটজন, তার মধ্যে ৬ জনই ভারতীয় নাবিক। ‘মোম্বাসা’ জাহাজে থাকা এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় আবু ধাবি। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে হরমুজে এখনও পর্যন্ত অন্তত ৯ ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement