বড় সাফল্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর। বাণিজ্যনগরী মুম্বইতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করা হল। বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ১,৭৪৫ কোটি টাকা। এই ঘটনাকে আন্তর্জাতিক মাদক চক্রের বিরুদ্ধে বড় সাফল্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, গোপন সূত্রে এনসিবি-র আধিকারিকদের কাছে খবর এসেছিল। তারপরই অভিযানের নকশা তৈরি হয়। নবি মুম্বই-থানে অঞ্চলের কালাম্বোলি-ভিওয়ান্ডি করিডোর এলাকায় হানা দেন আধিকারিকরা। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বার্তা দিয়েছেন।
জানা গিয়েছে, ওই এলাকায় দুই জায়গা থেকে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক কোকেন উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মোট কোকেনের পরিমাণ ৩৪৯ কেজি। প্রথম অভিযানটি হয় কালামবোলির কেডব্লিউসি ওয়্যারহাউজিং কমপ্লেক্সের কাছে। একটি মারুতি গাড়িতে আটক করে তল্লাশি চালানো হয়। কার্টুনের মধ্যে ক্রিকেট খেলার প্যাড ও গ্লাভস ছিল। সেই সরঞ্জামের মধ্যেই ওই মাদক ঢুকিয়ে পাচার হচ্ছিল! এক কেজির মোট ১৩৬টি প্যাকেট পাওয়া যায়। ঘটনায় একজনকে আটক করা হয়। তাঁকে ক্রমাগত জেরা করে আরও তথ্য পাওয়া যায়। জানা যায়, একটি গুদামের মধ্যে আরও মাদক লুকনো রয়েছে।
এরপরই তদন্তকারীরা ভিবান্ডির রেহনাল গাঁওয়ের লক্ষ্মণ কম্পাউন্ডের একটি গুদামে অভিযান চালান। সেখানে সেই একই রকম এক কেজির কোকেনের প্যাকেট পাওয়া যায়। তবে সংখ্যাটা অনেক বেশি, মোট ২১৩টি। প্রথম ও দ্বিতীয় অভিযান মিলিয়ে মোট ৩৪৯ কেজি কোকেন বাজেয়াপ্ত করা হয়। গুদামে উদ্ধার কোকেন যন্ত্রপাতির মধ্যে ফাঁকা অংশে পাচার করা হয়েছিল বলে তদন্তকারীরা প্রাথমিকভাবে জানিয়েছেন। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার্তা দেন, মাদকচক্রকে শিকড় থেকে উপড়ে ফেলতে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর। এই অভিযানে একটি বড় আন্তর্জাতিক চক্র ভেঙে গেল। এনসিবি-র গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
