সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাইম্যাক্সে পৌঁছেছে রাশিয়া বিশ্বকাপ৷ নাটকের তৃতীয় অঙ্ক আসন্নপ্রায়৷ বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে উঠেছে ফ্রান্স৷ আর ঠিক এই সময়ই ফ্রান্সকে টেক্কা দিল ভারত৷
কিন্তু কীভাবে?
না ফুটবলের নিরিখে তা হওয়া সম্ভব নয়৷ কারণ একদিকে ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারত একশোর মধ্যে ঢুকেছে ঠিকই৷ কিন্তু এখনও বিশ্বকাপের দরজা খোলেনি৷ অন্যদিকে দেশঁর দেশ পৌঁছেছে বিশ্বকাপের ফাইনালে৷ ফলে এই নিরিখে তুলনা আসে না৷ তবে গ্রিজম্যানের দেশকে গোল দিল মোদির ভারত, তা অর্থনীতির ময়দানে৷ ফ্রান্সকে ছাপিয়েই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠল ভারত৷ সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংকের রেকর্ড জানাল সে কথা৷
[ ভেঙে পড়েছে সেতু, প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার খুদে পড়ুয়াদের ]
জিডিপির নিরিখে ভারতের উন্নয়ন প্রশংসাবহ৷ বর্তমানে এর মূল্যমান মার্কিন ডলারে ২.৫৯৭ ট্রিলিয়ন৷ অন্যদিকে এই একই সূচকে ফ্রান্স দাঁড়িয়ে আছে ২.৫৮২ ট্রিলিয়নে৷ প্রত্যাশিতভাবেই ফ্রান্সকে ছাপিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত৷ গত দশ বছর ধরে উন্নয়নশীলের তকমা ঘুচিয়ে বিশ্বে অন্যতম শক্তিশালী অর্থনীতি হিসেবে ক্রমশ উত্থান হচ্ছে ভারত৷ ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, এই সাফল্যের মূল কৃতিত্ব দেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির৷ সেই সঙ্গে উপভোক্তার সংখ্যাও বেড়েছে এবং তাঁদের ক্রয়ক্ষমতাও বেড়েছে৷ এই ফ্যাক্টরেই জিডিপি দ্বিগুণ হয়েছে ভারতের৷ তার জেরেই শক্তিশালী অর্থনীতি হওয়ার দিকে কয়েক কদম এগিয়ে গিয়েছে ভারত৷ সেই দৌড়েই এবার ফ্রান্সকে ফিছনে ফেলল ভারত৷
[ চেয়েও মেলেনি শববাহী যান, মোটরবাইকে মায়ের মৃতদেহ মর্গে নিয়ে গেলেন ছেলে ]
ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে মোদি সরকারকে কৃতিত্ব দেওয়া হয়েছে৷ তবে এও বলা হয়েছে যে, নোট বাতিল ও জিএসটি-র গোলমেলে প্রয়োগ না হলে দেশের অর্থনীতি আরও এগোত৷ তবে পার ক্যাপসিয়া জিডিপি-তে অবশ্য ফ্রান্সকে পিছনে ফেলতে পারেনি ভারত৷ তবু অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের বিকাশ নিঃসন্দেহে প্রশংসার৷ খেলার ময়দানে ফ্রান্সের জালে বল ঢোকানো দূরতম স্বপ্ন হলেও, অর্থনীতিতে গোল দিতে পেরেছে মোদির ভারত৷
The post বিশ্বকাপের মরশুমেই ফ্রান্সকে টেক্কা দিল ভারত, জানেন কীভাবে? appeared first on Sangbad Pratidin.
