সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সময়ে রমরমিয়ে চালিয়েছেন সোনার দোকান। ছোট হোক কিন্তু আয় হত ভালই। যা দিয়ে খেয়ে পরে সুখে বাঁচত পরিবার। তবে লকডাউনের জেরে একটানা বন্ধ সোনার দোকান। তার ফলে লক্ষ্মীলাভে ভাঁটার টান। কিন্তু কী করে সংসার চলবে? সংসারের খরচ চালাতে তাই সোনার গয়নার দোকানেই সবজি বিক্রি করতে শুরু করেছেন স্বর্ণ ব্যবসায়ী। দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে কতটা কঠিন রাজস্থানের জয়পুরের এই ঘটনাই তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখাল।
প্রায় ২৫ বছর ধরে স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত হুকুমচাঁদ সোনি। বাড়িতে বৃদ্ধা মা রয়েছেন। ভাই মারা গিয়েছে আগেই। তাই তাঁর স্ত্রী, সন্তানের জন্যও দু’বেলা দু’মুঠো অন্ন সংস্থান করেন হুকুমচাঁদ। তিনিই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তিনি বলেন, “আমার দোকান বিশেষ বড় নয়। তবে ছোট দোকানেও লকডাউনের আগে যা বিক্রিবাটা হত, তা দিয়ে আমাদের সংসার চলে যেত। খাওয়াদাওয়া নিয়ে কারও কোনও সমস্যা হত না। কিন্তু লকডাউনের পর থেকে ছবিটা পুরো বদলে গিয়েছে। প্রথম কয়েকদিন সঞ্চিত অর্থে সংসার চালিয়েছিলাম। এখন আমার সঞ্চয় প্রায় শেষ। আমি আর বাড়ি বসে সংসার চালাতে পারছি না।”
[আরও পড়ুন: প্রতিবন্ধী যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মার, কাঠগড়ায় উত্তরপ্রদেশের পুলিশ]
দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেই সিদ্ধান্ত বদল করেন হুকুমচাঁদ। তিনি দেখেন স্বর্ণ ব্যবসা বন্ধ থাকলেও, সবজির মতো অত্যাবশ্যকীয় পণ্য বিকিকিনিতে কোনও বাধা নেই। তাই গয়নার দোকানকে আদ্যোপান্ত সবজির দোকানের রূপ দেন ওই স্বর্ণ ব্যবসায়ী। সোনার দোকানেই সবজি বিক্রি করতে শুরু করেন। সোনার গয়নাগাটি মাপার যান্ত্রিক দাঁড়িপাল্লা দিয়ে সবজি ওজন করে নিচ্ছেন তিনি। সামাজিক দূরত্ব বজায় রেখে বহু মানুষ ওই দোকান থেকে সবজি কিনছেন। তার ফলে আয়ও হচ্ছে ভালই। হুকুমচাঁদ বলেন, “বাড়ি বসে এক পয়সা উপার্জন না করার চেয়ে সবজি বিক্রি করা ভাল।” স্বর্ণ ব্যবসায়ীর সিদ্ধান্ত বদল দেখে অবাক হয়ে গিয়েছেন সকলেই। একজন স্বর্ণ ব্যবসায়ীর এই অবস্থা দেখে দেশের অর্থনৈতিক পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন কেউ কেউ।
[আরও পড়ুন: ‘ফ্লাই পাস্ট’ থেকে পুষ্পবৃষ্টি, করোনা যোদ্ধাদের সেলাম ভারতীয় সেনার]
The post লকডাউনে বন্ধ সোনার দোকান, সবজি বিক্রি করে অর্থ উপার্জন স্বর্ণ ব্যবসায়ীর appeared first on Sangbad Pratidin.
