মিমি চক্রবর্তী, বাংলা সিনেমা-সিরিজের অত্যন্ত পরিচিত মুখ। যে কোনও ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে বারবার দর্শকের মন জয় করেন। অভিনেত্রী হিসেবে ঠিক যতটা সফল ঠিক ততটাই সক্রিয় সোশাল মিডিয়ায়। জীবনের ভালো-মন্দ সবটুকু ভক্তদের সঙ্গে ভাগ করে নেন মিমি চক্রবর্তী। বাড়ির বাগান থেকে পোষ্যর সঙ্গে সময় কাটানো বা নতুন কোনও রান্নার ভিডিও শেয়ার করেন। কিন্তু, শুক্রের সন্ধ্যায় মুন খারাপ করা পোস্ট শেয়ার করলেন মিমি চক্রবর্তী।
বেশ কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছেন, শারীরিক অবস্থা মোটেই ভালো নয়। দাঁত তোলার পর গাল ফুলে ঢোল। স্বাভাবিকভাবই দু-একটা সেলাই পড়েছে। ফলস্বরুপ ঠোঁটে কালশিটে। সেই সঙ্গে আবার পায়ে টান। নানান সমস্যায় একেবারে জর্জরিত মিমি। এই অবস্থায় কী আর অভিনেত্রী সুলভ লুক শেয়ার করা সম্ভব! তাই এলোমেলো চুলে বিনা মেকআপেই সোশাল মিডিয়ায় হাজির মিমি চক্রবর্তী। সঙ্গে কফি আর পোষ্য। দৈনন্দিন জীবনের সেই চেনা গল্প নিয়েই ফিরেছেন।
আর সেই গল্পে ক্যামেরার আড়ালে নেই কোনও মেকআপ টিম। ঘুম থেকে উঠে কোনও সাজানো সুন্দর গল্পও নেই। শুধু রয়েছে খুব সাধারণ এক মানুষের জীবনে সাধারণ একটা সপ্তাহ। তারকাদের এমন চেহারা দেখতে অভ্যস্ত নন ভক্তরা। সেই বিষয়ে মিমির সংযোজন, "হয়তো অনলাইনে এতদিন ধরে আমরা পরিপাটি, নিখুঁত জীবন দেখতেই এতটা অভ্যস্ত হয়ে গেছি যে, সত্যিকারের নিজেকে দেখানোই এখন সাহসের ব্যাপার মনে হয়। নিজের মতো সত্যি থাকাটাই এখন একরকম স্টাইলিশ।"
সত্যিই বিনা মেকআপে তারকার দেখা বিরল দৃশ্যের মতো। নিজেদের ইমেজ ধরে রাখতেই চড়া মেকআপের প্রলেপটা একপ্রকার বাঞ্ছনীয়। কিন্তু, স্রোতের বিপরীতে হেঁটে মিমি যেন এক নতুন গল্প তৈরি করলেন। সমাজমাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। পর্দায় মিমি চক্রবর্তীর গ্ল্যামারাস লুক যতটা আকর্ষণীয়, বিনা মেকআপে প্রকৃত সৌন্দর্যেও মুগ্ধ ভক্তরা।
