সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হনুমান মন্দিরের উপর উড়ছে পাকিস্তানের পতাকা! ভাবতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে মধ্যপ্রদেশের নরসিংপুর জেলায়। আর তাতেই ছড়িয়েছে তীব্র উত্তেজনা। ধর্মীয় অশান্তি ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
রাজধানী ভোপাল থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরের নরসিংপুর শহরে অবস্থিত পঞ্চমুখী হনুমান মন্দির। জানা যাচ্ছে, শুক্রবার সকালে পুজো দিতে যাওয়ার সময় মন্দিরের উপর পাক-মুলুকের পতাকা উড়তে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে চাউর হয়ে যায় সেই কথা। পাকিস্তানের পতাকার ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে অনেকে। খবর পেয়েই সেই পতাকা সরিয়ে ফেলে মন্দির কর্তৃপক্ষ। গোটা ঘটনার কথা জানানো হয় পুলিশকে। পুলিশ জানিয়েছে, এভাবে ধর্মীয় অশান্তি ছড়ানোর চেষ্টা করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
[জানেন কবে এটিএম-এ মিলবে নয়া ২০০ টাকার নোট?]
তবে পতাকাটিকে পাকিস্তানের জাতীয় পতাকা বলা হলেও প্রতিবেশী দেশের পতাকার সঙ্গে এর পার্থক্য লক্ষ্য করা গিয়েছে। পাক পতাকায় সবুজ রঙের উপর একফালি চাঁদ ও তার উপর থাকে একটি নক্ষত্র। কিন্তু এক্ষেত্রে চাঁদের ফালিটি রয়েছে উলটোভাবে। অর্থাৎ তারার উপর চাঁদের ফালি। তবে শুধু পতাকাই নয়। সূত্রের খবর, মন্দিরের দেওয়ালেও লেখা রয়েছে হুমকি বার্তা। কোনও এক ধর্মকে সমূলে নির্মূল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বেশ কয়েকটি হিন্দু সংগঠন ঘটনার কড়া নিন্দা করে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া আরজি জানিয়েছে। নরসিংপুর কোটওয়ালি থানার ইনচার্জ অখিলেশ দাহিয়া বলছেন, কীভাবে এই পতাকা মন্দিরের উপর টাঙানো হল সে বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আরও অনেককেই জেরা করা হবে। কিন্তু মন্দিরের সিসিটিভি কাজ না করায় কে বা কারা এ কাজ করেছে, তা খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। পুলিশ জানাচ্ছে, মন্দিরের আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
[চিন থেকে আসা জুতোর বাক্স তেরঙ্গায় মোড়া, উত্তেজনা উত্তরাখণ্ডে]
The post হনুমান মন্দিরের মাথায় উড়ছে ‘পাক পতাকা’, ছড়াল তীব্র উত্তেজনা appeared first on Sangbad Pratidin.
