shono
Advertisement

Breaking News

Madhya Pradesh Protest

কুশপুতুলের পরিবর্তে পুলিশকর্মীর গায়ে আগুন! মধ্যপ্রদেশে কংগ্রেসের কর্মসূচিতে ভয়ংকর কাণ্ড

রাস্তার মাঝে বিজয়বর্গীয়র কুশপুতুল দাহ করতে পেট্রোল ঢেলে আগুন ধরাতে যান বিক্ষোভকারীরা। তাঁদের থামানোর চেষ্টা করেন ট্রাফিক পুলিশের আধিকারিক বিক্রম পাঠক।
Published By: Amit Kumar DasPosted: 04:22 PM Feb 20, 2026Updated: 05:52 PM Feb 20, 2026

বিজেপির মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র নেতার কুশপুতুল পোড়াতে গিয়ে পুলিশকর্মীর গায়ে আগুন কংগ্রেস সমর্থকদের! শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের মাইহার জেলায়। ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশকর্মী। গায়ে আগুন দেওয়ার ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। বিধানসভা অধিবেশন চলাকালীন মধ্যপ্রদেশের নগরোন্নয়ন ও আবাস মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় ও কংগ্রেস বিধায়ক উমঙ্গ সিংহারের মধ্যে বচসা হয়। উমঙ্গকে সীমা পার না করার হুমকি দেন তিনি। এরই প্রতিবাদে শুক্রবার সকালে কংগ্রেসের মাইহার জেলা সভাপতির নেতৃত্বে প্রতিবাদ ও কুশপুতুল দাহ করার কর্মসূচি শুরু করে হাত শিবির। রাস্তার মাঝে বিজয়বর্গীয়র কুশপুতুল দাহ করতে পেট্রোল ঢেলে আগুন ধরাতে যান বিক্ষোভকারীরা। তাঁদের থামানোর চেষ্টা করেন ট্রাফিক পুলিশের আধিকারিক বিক্রম পাঠক। আগুন জ্বালাতেই মুহূর্তের মধ্যে সেই আগুনের কবলে পড়েন ওই কর্মী।

ঘটনার জেরে পুলিশ কর্মীর কোমর, পিঠ, উরু এবং হাতের কিছু অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। এই অবস্থাতেও কংগ্রেসের কর্মী সমর্থকরা দলের হয়ে স্লোগান দিতে থাকেন।

চোখের নিমেষে বিক্রমের জামায় আগুন ধরে যায়। ঘটনার জেরে পুলিশ কর্মীর কোমর, পিঠ, উরু এবং হাতের কিছু অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। এই অবস্থাতেও কংগ্রেসের কর্মী সমর্থকরা দলের হয়ে স্লোগান দিতে থাকেন। অন্যান্য পুলিশকর্মীদের চেষ্টায় তড়িঘড়ি বিক্রমকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাইহার সিভিল হাসপাতালে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা যাচ্ছে, তাঁর শারীরিক অবস্থা গুরুতর ফলে বিক্রমকে জেলা হাসপাতাল বা জব্বলপুর হাসপাতালে রেফার করা হতে পারে বলে জানা যাচ্ছে।

গোটা ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার অবধেশ প্রতাপ সিং এই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিক্ষোভকারীদের উদ্দেশে তাঁর বার্তা, বিক্ষোভকারীদের বোঝা উচিত জনবহুল রাস্তায় পেট্রোলের মতো দাহ্য পদার্থ ব্যবহার কতটা মারাত্মক হতে পারে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement