রাস্তায় থুতু ফেলতে বারণ করেছিলেন তিনি। মহারাষ্ট্রের প্রবীণ মানুষটি ভাবতেও পারেননি কী ধরনের হামলার মুখে পড়তে হবে! থানে শহরের এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে অভিযোগ, ওই বৃদ্ধকে প্রবল মারধর করার। ভাইরাল হয়ে গিয়েছে হামলার ভিডিও। ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে নির্দেশ দিয়েছেন অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনার। এদিকে যেহেতু ওই বৃদ্ধ মারাঠি এবং ট্যাক্সি চালক ভিনরাজ্যের, তাই রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা মারধর শুরু করেছেন শহরের অ-মারাঠি ট্যাক্সি চালকদের।
ঘটনা গত মঙ্গলবারের। থানের এক হাসপাতালের কাছে ওই ট্যাক্সি চালকদের বারবার থুতু ফেলতে দেখে আপত্তি জানান ওই বৃদ্ধ। তাঁর সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। এরপরই অভিযুক্ত মারতে থাকেন বৃদ্ধকে। আশপাশে থাকা মানুষ ও বৃদ্ধের স্ত্রীর বাধা দেন। দেখা যায় ট্যাক্সি চালক তাঁকে ধাক্কা দিয়ে ফেলেও দেন। পাথরও ছোড়েন। ভাইরাল হওয়া ভিডিওয় সমালোচনার ঝড় বয়ে যায়। এভাবে একজন বর্ষীয়ান নাগরিকের হেনস্তার বিরুদ্ধে ফুঁসে ওঠে নেটপাড়া। আটক করা হয় অভিযুক্ত ট্যাক্সি চালককে।
আর এই ঘটনাকে কেন্দ্র করেই থানে এলাকায় এমএনএস কর্মীদের দেখা গিয়েছে অ-মারাঠি ট্যাক্সি চালকদের নিগ্রহ করতে। বেশ কয়েকজন ট্যাক্সি চালককে থামিয়ে তাঁরা মারাঠি বলতে পারেন কি না, তা যাচাই করতে দেখা গিয়েছে তাঁদের। আর সেই পরীক্ষায় ব্যর্থ হলে তাঁদের মারধরও করেন কর্মীরা। রীতিমতো চড় মারতে থাকেন তাঁরা। সেই ভিডিও-ও ছড়িয়ে পড়েছে। এমন আচরণের নিন্দাও করেছেন অনেকে। এছাড়াও শিব সেনা কর্মীদেরও দেখা গিয়েছে ট্যাক্সি চালকদের জিজ্ঞাসাবাদ করতে। সব মিলিয়ে ওই নিগ্রহের ঘটনার জেরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।
