shono
Advertisement
BJP

বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদল! চমক দিতে নতুন মুখে ভরসা?

সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার পরেই সাংগঠনিক রদবদল ঘোষণা হবে-দলীয় স্তরে এমন ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল।
Published By: Sayani SenPosted: 08:56 AM Aug 17, 2026Updated: 12:14 PM Aug 17, 2026

সব কিছু ঠিকঠাক থাকলে সোমবারই বিজেপির (BJP) কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদলের ঘোষণা হতে পারে। দলের নতুন সর্বভারতীয় সভাপতি নীতীন নেতৃত্বে নবীনের কেন্দ্রীয় পদাধিকারীদের নতুন তালিকা তৈরির কাজ আগেই চূড়ান্ত হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। গত কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নিতিন নবীন এবং দলের সংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষের মধ্যে দফায় দফায় আলোচনা হয়েছে।

Advertisement

সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার পরেই সাংগঠনিক রদবদল ঘোষণা হবে-দলীয় স্তরে এমন ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ এবং তার পরের দিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি থাকায় ঘোষণার জন্য সোমবারকেই বেছে নেওয়া হয়েছে বলে খবর। দলীয় রদবদল পর্ব মিটে গেলেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল সময়ের অপেক্ষা মাত্র। তবে এবারের তালিকায় শুধু পদবদল নয়, 'চমক'ও থাকছে। বিজেপির অন্দরমহলের খবর, কেন্দ্রীয় সংগঠনে এক ঝাঁক নতুন মুখকে জায়গা দেওয়া হতে পারে। বিশেষ নজর তরুণ নেতৃত্ব এবং মহিলা নেত্রীদের দিকে। অভিজ্ঞদের সঙ্গে নতুন প্রজন্মের ভারসাম্য রেখে সংগঠনকে আরও সক্রিয় করার লক্ষ্যই এর পিছনে। নতুন দলটিতে বিভিন্ন সাংগঠনিক ক্ষেত্রের পাশাপাশি প্রচার ও গণমাধ্যমের দায়িত্বেও নতুন মুখ আসতে পারে।

২০২৯ সালে লোকসভা ভোটের দিকে নজর দিয়ে তো বটেই পাশাপাশি আগামী বছরের শুরুর দিক থেকেই উত্তর প্রদেশ-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে শুধু সংগঠন সাজানো নয়, রাজ্যভিত্তিক রাজনৈতিক সমীকরণ মাথায় রেখেই কেন্দ্রীয় দলের দায়িত্ব বণ্টন হতে পারে। সংগঠনকে ভোটের ময়দানে আরও দ্রুত এবং আক্রমণাত্মক করে তোলাই নতুন টিমের প্রধান পরীক্ষা। বিজেপির কেন্দ্রীয় সংগঠনের এই বদল তাই নিছক রুটিন রদবদল নয়, আগামী দিনের রাজনৈতিক রণকৌশলের প্রস্তুতিও বলা চলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement