shono
Advertisement
Congress BJP

কংগ্রেস, বিজেপি-সহ তিন দলের হয়ে মনোনয়ন জমা! 'দলবদলু'র কাণ্ড ঘিরে হতবাক আধিকারিকরা

ভারতের রাজনীতিতে জামাকাপড়ের মতো দল বদলানো একেবারেই নতুন নয়। কিন্তু একই নির্বাচনে একটা নয়, দু'টো নয়, তিনটে দলের হয়ে মনোনয়ন জমা দেওয়া!
Published By: Anwesha AdhikaryPosted: 03:29 PM Apr 12, 2026Updated: 03:29 PM Apr 12, 2026

এ যেন একই অঙ্গে বহু রূপ। ভারতের রাজনীতিতে জামাকাপড়ের মতো দল বদলানো একেবারেই নতুন নয়। কিন্তু একই নির্বাচনে একটা নয়, দু'টো নয়, তিনটে দলের হয়ে মনোনয়ন জমা দেওয়া! এমনই চমকে দেওয়া কাণ্ড ঘটালেন ভরতসিং ভাখালা নামে এক ব্যক্তি। অতীতে বেশ কয়েকবার দলবদলের ইতিহাস রয়েছে তাঁর। এবার এক আসনে তিনটি মনোনয়ন দিয়ে ফেললেন তিনি। নিজেকে একইসঙ্গে কংগ্রেস, বিজেপি এবং আপের প্রার্থী হিসাবে দাবি করলেন।

Advertisement

তাজ্জব ঘটনাটি ঘটেছে গুজরাটের দাহোড় জেলায়। দিনকয়েক পরেই ওই জেলায় রয়েছে পঞ্চায়েত নির্বাচন। দাহোড় জেলার পিপেরো কেন্দ্রে তিনটি মনোনয়ন জমা দিয়েছেন ভরতসিং একাই। গত শুক্রবার তিনি মনোনয়ন জমা দেন একবার। পরের দিন আবারও পৌঁছে যান মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রে। একবার নয়, দু'বার মনোনয়ন দেন শনিবার। ভরতসিং তিনবার মনোনয়ন জমা দিয়েছেন, সেটা প্রাথমিকভাবে বোঝা যায়নি। শনিবার রাতে সব প্রার্থীদের নামের তালিকা প্রকাশ হতেই দেখা যায়, তিনবার রয়েছে ভরতসিংয়ের নাম।

সবমিলিয়ে পিপেরো কেন্দ্রে মনোনয়ন দিয়েছেন ১১ জন প্রার্থী। তার মধ্যে ভরতসিং একাই তিনটি মনোনয়ন দিয়েছেন, তিনটি আলাদা দলের প্রতীকে। এহেন কাণ্ড দেখে নির্বাচনী আধিকারিকরা হতবাক। উল্লেখ্য, অতীতে বারবার দলবদলের ইতিহাস রয়েছে ভরতসিংয়ের। ২০১৭ সালে দেবগড় বরিয়া কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন কংগ্রেসের টিকিটে। ২০২২ সালে ওই একই কেন্দ্রে আপ প্রার্থী হিসাবে লড়েন। কিন্তু জিততে পারেননি। সম্প্রতি বিজেপির দিকে ঝুঁকেছিলেন কিন্তু সরকারিভাবে যোগ দেননি গেরুয়া শিবিরে।

তিন দলের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া ভরতসিং জিতলে সেটা কোন পার্টির জয় হবে? নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ভরতসিংকে নিজেদের প্রার্থী হিসাবে ঘোষণা করতে হবে কোনও দলকে। যে দলের তরফে অথরাইজেশন লেটার মিলবে, ওই দলের প্রার্থী হিসাবেই ভোটে লড়বেন ভরতসিং। বাকি দু'টি মনোনয়ন তখন বাতিল হয়ে যাবে। কিন্তু এহেন কাণ্ড ঘটানোর পর কি ভরতসিংকে নিজেদের প্রার্থী করবে কোনও দল? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement