রাস্তা চওড়া হবে। তাই ভেঙে ফেলা হবে রাস্তায় ধারের দোকান! উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের এই বুলডোজার নীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে চরম পদক্ষেপ করলেন এক যুবক। পেট্রল ঢেলে নিজের দোকান তো জ্বালালেনই, নিজের গায়েও পেট্রল ঢেলে সেই আগুন ঝাঁপ দিলেন তিনি!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীর ডালমন্ডি এলাকায় ঘটনাটি ঘটেছে। সেখানে রাস্তা চওড়া করার জন্য ২১টি নির্মাণ চিহ্নিত করেছিল প্রশাসন। সোমবার সেই নির্মাণগুলি ভেঙে ফেলার প্রস্তুতি শুরু হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রশাসনের কাছে তাঁদের আর্জি ছিল, দোকান খালি করার জন্য অন্তত ১০ দিন সময় দেওয়া হোক। কিন্তু প্রশাসন তাতে রাজি হয়নি। তাতেই ক্ষোভ উগরে দিয়ে নিজের দোকান জ্বালিয়ে দেন এক ব্যবসায়ী। শুধু তা-ই নয়, নিজের গায়ে পেট্রল ঢেলে আগুনে ঝাঁপ দেওয়ারও চেষ্টা করেন যুবক। যদিও শেষ পর্যন্ত তা করতে পারেননি ওই ব্যবসায়ী।
ঘটনার কিছু ক্ষণ পরেই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ড্রোন দিয়েও নজরদারি চালানো হয় এলাকায়। এসিপি (দশাশ্বমেধ) অতুল অঞ্জন বলেন, "রাস্তা চওড়া করার জন্য রাস্তার ধারের নির্মাণ ভাঙার কাজ চলছিল।" প্রসঙ্গত, যে সব নির্মাণ ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন, সেগুলির মালিকদের গত ৩১ জানুয়ারি নোটিস ধরানো হয়েছিল। এক আধিকারিক বলেন, "প্রতিটি নির্মাণই শতাব্দি পুরনো। যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে।"
