বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় ভয়াবহ পথদুর্ঘটনা। মহারাষ্ট্রের পালঘরে ট্রাক এবং টোম্পোর সংঘর্ষে মৃত্যু হল অন্তত ১৩ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৫ জন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে ৫০ জন যাত্রী নিয়ে একটি টেম্পো বাপিগাঁও থেকে ধনিভারীর উদ্দেশে রওনা দিয়েছিল। তাঁরা প্রত্যেকেই একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। মুম্বই-আহমেদাবাদ জাতীয় সড়কের উপর সেটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উলটো দিক থেকে একটি ট্রাক মুম্বইয়ের দিকে আসছিল। আচমকা সেটি নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটিতে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই উলটে যায় টেম্পোটি। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কিন্তু ঠিক কী কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
