লখনউয়ের একটি কোচিং সেন্টারে ভয়াবহ আগুন। ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। প্রাণ বাঁচাতে সেন্টারের একতলা থেকে ঝাঁপ দেন বহু পড়ুয়া। তবে আশঙ্কা করা হচ্ছে, কোচিং সেন্টারের ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন। ঘটনাটিকে ঘিরে হুলস্থুল পড়ে গিয়েছে। অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার দুপুরে লখনউয়ের আলিগঞ্জ এলাকার ওই কোচিং সেন্টারে আচমকা আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। কোচিং সেন্টারটির নিচে পোষ্য জীবজন্তুর সরঞ্জাম-সহ একাধিক দোকান রয়েছে। কিন্তু কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আগুন লাগার পরই প্রাণ বাঁচাতে বহু পড়ুয়া কোচিং সেন্টারের একতলা থেকে ঝাঁপ মারেন। তাঁদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, এক যুবক কোচিং সেন্টারের জানলা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু হাত ফসকে সোজা তিনি নিচে পড়ে যান।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল। দ্রুত ফাঁকা করে দেওয়া হয় এলাকা। শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। কিন্তু আগুনের বেগ বেশি থাকায় এবং এলাকা ঘিঞ্জি হওয়ায় প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে সমস্যায় পড়েন দমকল কর্মীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও চলছে উদ্ধারকাজ। অনুমান করা হচ্ছে কোচিং সেন্টারের ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি, এই ঘটনায় শোকপ্রকাশও করেছেন তিনি। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।
