সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরাকে নিখোঁজ ৩৯ জন ভারতীয় সম্পর্কে ভুল তথ্য দিয়ে দেশ, সংসদ ও নিখোঁজদের পরিবারকে বিভ্রান্ত করছেন তিনি। এই অভিযোগে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বিরুদ্ধে সংসদে স্বাধিকারভঙ্গের নোটিস দিতে চলেছে কংগ্রেস। এদিকে সোমবার বিকেলে ইরাকে নিখোঁজ ভারতীয়দের নিয়ে সংসদে বিবৃতি দেবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
[ইরাকে নিখোঁজ ৩৯ জন ভারতীয় আর বেঁচে নেই!]
২০১৪ সালে যুদ্ধ বিধ্বস্ত ইরাকের মসুল শহর থেকে নিখোঁজ হয়ে যান ৩৯ জন ভারতীয়। গত তিন বছরে তাঁদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা যায়নি। সম্প্রতি নিখোঁজ ভারতীয়দের পরিবারের সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী। ওই ৩৯ জনকে দেশের ফিরিয়ে আনার আশ্বাসও দেন তিনি। বিদেশমন্ত্রী জানান, মসুলকে ইরাকের প্রধানমন্ত্রী আইএসমুক্ত ঘোষণা করার পর, ভারতীয়দের খোঁজ করতে সেখানে গিয়েছিলেন বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভিকে সিং। সূত্র মারফত তিনি জানতে পেরেছেন, মসুলের বাদুষ এলাকায় একটি সংশোধনাগারে বন্দি রয়েছেন ভারতীয়রা। কিন্তু সেখানে এখনও যুদ্ধ চলছে। যুদ্ধ থামলেই ভারতীয়দের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে। বস্তুত, সোমবারই ভারত সফরে আসা ইরাকের বিদেশমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে বৈঠকও করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
[সমুদ্রে ড্রাগন বধে দিল্লির ‘প্রজেক্ট-৭৫’]
যদিও এই সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আইএস জঙ্গিদের সঙ্গে ইরাকের সেনাবাহিনীর যুদ্ধ চলাকালীনই মসুলের বাদুষ এলাকার ওই সংশোধানাগারটি ধ্বংস হয়ে গিয়েছে। নিখোঁজ ৩৯ জন ভারতীয়দের কেউই আর বেঁচে নেই। এই খবরের কথা উল্লেখ করে কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়া বলেন, বিদেশমন্ত্রী বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। তিনি নিখোঁজ ভারতীয়দের সম্পর্কে ভুল তথ্য দিয়ে দেশকে বিভ্রান্ত করছেন।
[‘গো-মাংস’ বহনের অপরাধ, ট্রাক জ্বালাল উন্মত্ত জনতা]
প্রসঙ্গত, মসুল থেকে যে ৩৯ জন ভারতীয় নিখোঁজ হয়েছেন, তাঁদের প্রত্যেকেই পাঞ্জাবের বাসিন্দা। ইরাকে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন তাঁরা। এই ইস্যুতে কেন্দ্রের উপর চাপ বাড়িয়েছে অকালি দলও। সোমবার সংসদেও এই বিষয়টি নিয়ে সরব হন অকালি দলের সাংসদরা। বস্তুত, সর্বভারতীয় সংবাদমাধ্যমে ওই ৩৯ জনের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর, কেন্দ্রের উপর আর ভরসা রাখতে পারছেন না নিখোঁজদের পরিবারের লোকেরাও। তাঁরা নিজেরাই এখন মসুল যেতে চাইছেন।
The post সংসদে সুষমার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনছে কংগ্রেস appeared first on Sangbad Pratidin.
