shono
Advertisement

প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভাঙল গাছ, চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের, মুম্বইয়ের ভিডিও ভাইরাল

স্থানীয়দের অভিযোগ, গাছ ভেঙে পড়ার অন্তত ২ ঘণ্টা কেটে গেলেও পুরনিগম থেকে কেউ ঘটনাস্থলে আসেননি। দীর্ঘক্ষণ পরে গাছের ডালপালা সরিয়ে ইউনুসকে উদ্ধার করা হয়।
Published By: Anwesha AdhikaryPosted: 03:45 PM Jul 05, 2026Updated: 03:45 PM Jul 05, 2026

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। একের পর এক এলাকায় তার জেরে দুর্ঘটনা ঘটছে। একই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। এবার দোকানের উপর গাছ ভেঙে পড়ে প্রাণ হারালেন এক বৃদ্ধ। দিনকয়েক আগেই স্কুলবাসের উপর গাছ ভেঙে পড়ে এক পড়ুয়ার মৃত্যু হয়েছিল। ম্যানহোলে পড়ে গিয়েও মৃত্যু হয় এক ব্যক্তির। সবমিলিয়ে চারজনের মৃত্যুতে মুম্বইয়ে বাড়ছে আতঙ্ক।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম ইউনুস হাকিমুদ্দিন শেখ। সম্প্রতি কুর্লা এলাকায় নতুন দোকান কিনেছিলেন তিনি। সেই দোকান উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছিলেন। অনুষ্ঠানের বন্দোবস্ত করতেই রবিবার সকালে দোকানে এসেছিলেন। সেসময়েই হুড়মুড়িয়ে দোকানের সামনে ভেঙে পড়ে একটি বিরাট গাছ। সেসময়ের দোকানের ঠিক সামনে দাঁড়িয়ে ছিলেন ইউনুস। তাঁর মাথার উপরেই গাছটি ভাঙে। ডালপালার তলায় চাপা পড়ে যান। গোটা ঘটনাটি ধরা পড়েছে দোকানের সামনে থাকা সিসিটিভিতে। সেই ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

স্থানীয়দের অভিযোগ, গাছ ভেঙে পড়ার অন্তত ২ ঘণ্টা কেটে গেলেও পুরনিগম থেকে কেউ ঘটনাস্থলে আসেননি। দীর্ঘক্ষণ পরে গাছের ডালপালা সরিয়ে ইউনুসকে উদ্ধার করা হয়। তাঁকে নিয়ে যাওয়া হয় ফউজিয়া হাসপাতালে। কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসকর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, প্রবল আঘাত লাগার ফলে দেহের একাধিক অংশ গুরুতর ক্ষতিগ্রস্থ হয়েছিল। তার জেরেই ইউনুসের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর পর ভেঙে পড়া গাছ কেটে সরানোর ব্যবস্থা করেছে পুরনিগম। উল্লেখ্য চলতি সপ্তাহেই স্কুলবাসের উপর গাছ ভেঙে পড়ে এক ছাত্রের মৃত্যুর পর থেকেই প্রশ্ন উঠছিল প্রশাসনের ভূমিকায়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই এলাকায় আগেও গাছ পড়ে ভয়ংকর দুর্ঘটনা ঘটেছে। ঝড়বৃষ্টির কারণে গাছগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিষয়টি জানিয়ে পুরসভাকে চিঠি দেওয়ার পরেও কোনও কাজ হয়নি। গাছগুলি কাটার ব্যবস্থা করেনি বিএমসি। এহেন পরিস্থিতিতে বিতর্কে জড়িয়েছেন মুম্বই বিজেপির সভাপতি অমিত সাতাম। বৃষ্টির জেরে প্রাণহানি নিয়ে আলোচনার সময়ে তাঁকে হাসতে দেখা গিয়েছে। তাঁর বিরুদ্ধেও প্রতিবাদে শামিল হয়েছেন আমজনতা। বৃষ্টির মধ্যে ভিজেই আন্ধেরি স্টেশনে বিক্ষোভ দেখান তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement