shono
Advertisement
Petrol Diesel price

বিশ্ববাজারে দর পড়েছে জ্বালানির, ২ বছরে প্রথমবার দেশে পেট্রল-ডিজেলের দাম কমাল এই সংস্থা

রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থাগুলি যদিও জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে।
Published By: Biswadip DeyPosted: 09:47 AM Jul 01, 2026Updated: 09:58 AM Jul 01, 2026

জুলাইয়ের প্রথম দিনই স্বস্তি পেট্রল ও ডিজেলের গ্রাহকদের। দেশের বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি জ্বালানির দাম কমিয়েছে। ফলে পেট্রলের দাম কমল ৫ টাকা। পাশাপাশি ডিজেলের দামও লিটার প্রতি ৩ টাকা কমেছে। দু'বছরেরও বেশি সময়ের মধ্যে নায়ারাই দেশের প্রথম জ্বালানি সংস্থা যারা জ্বালানির দাম কমাল।

Advertisement

দেশজুড়ে মোট ৭০০০ পেট্রল পাম্প রয়েছে এই সংস্থার। ফলে ওই সমস্ত কেন্দ্রে গেলে সস্তায় মিলবে ডিজেল ও পেট্রল। তবে রাজ্য অনুযায়ী এই দাম কিছুটা পরিবর্তিত হবে, ভ্যাটের মতো স্থানীয় করের কারণে। বলে রাখা ভালো, পশ্চিম এশিয়ায় সংঘাতের তীব্রতা হ্রাস পেয়েছে। পাশাপাশি হরমুজের মতো এক গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ খুলে যাওয়ার ফলে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে আসার ফলেই এই পদক্ষেপ নায়ারা এনার্জির।

তবে নায়ারা এনার্জির মতো বেসরকারি সংস্থা গ্রাহকদের জন্য সুখবর আনলেও রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থাগুলি যদিও জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে। অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তথা আইওসি, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তথা বিপিসিএল এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তথা এইচপিসিএলে জ্বালানির দাম যা ছিল তাই রয়েছে।

উল্লেখ্য, ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বিশ্ববাজারে হুহু করে বেড়েছে তেলের দাম। তার প্রভাব পড়েছিল ভারতেও। নির্বাচনের আগে পর্যন্ত জ্বালানির দামে লাগাম টেনে রেখেছিল কেন্দ্র। কিন্তু সেসময়ে তেল সংস্থাগুলি ব্যাপক ক্ষতির মুখে পড়ে। এহেন পরিস্থিতিতে তেল সংস্থাগুলির চাপের মুখে পড়ে দফায় দফায় পেট্রল এবং ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্র। গতকালই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত জ্বালানি সংস্থার কাছে আবেদন করেন যেন এবার তারা জ্বালানির দাম কমায়। নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে এই আবেদন করেন তিনি। তিনি অভিযোগ করেন যে, জ্বালানি তেলের দাম যথেষ্ট দ্রুত কমছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement