জওহরলাল নেহরুই দেশের সেরা প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি মিথ্যার কারিগর। ঠিক এই ভাষাতেই বর্তমান প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
সম্প্রতি সংবাদসংস্থা ‘পিটিআই’কে দেওয়া একটি সাক্ষাৎকারে জয়রাম বলেন, “নিঃসন্দেহে নেহেরু ভারতের সেরা প্রধানমন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেল হলেন সেই সেরা প্রধানমন্ত্রী, যাঁকে দেশ পেলনা।” এরপর প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতৃত্বকে আক্রমণ করে তিনি বলেন, “মোদি হলেন মিথ্যার কারিগর। আর অমিত শাহ ফাঁপা একজন ব্যক্তি।” অন্যদিকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-কে তিনি ‘প্রতারক জাতীয়তাবাদী’ বলেও অভিহিত করেছেন। নেহরুর পাশাপাশি রাজীব গান্ধীরও ভূয়সী প্রশংসা করেছেন কংগ্রেস সাংসদ। তিনি জানান, রাজীব গান্ধীর হাত ধরেই তিনি কংগ্রেসে আসেন।
জয়রাম বলেন, “স্যাম পিত্রোদার মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন মিশনে আমরা কাজ করেছিলাম। এরপর রাজীব গান্ধী নির্বাচনে হেরে যান। ১৯৯০ সালের কোনও এক সময়ে পিত্রোদা ও আমি রাজীব গান্ধীর সঙ্গে কথা বলি। তখন তিনি আমাদের বলেন, সামনেই নির্বাচন। তাই দলের হয়ে আমাদের কাজ করতে হবে। এই ভাবেই আমার যাত্রা শুরু হয়। আজ ৩৫ বছর আমি কংগ্রেসের সঙ্গে রয়েছি।”
