বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভাতেই যাচ্ছেন। যাবতীয় গুঞ্জন-জল্পনায় ইতি টেনে ঘোষণা করে দিলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। সোশাল মিডিয়ায় তিনি জানিয়ে দিলেন, সংসদের দুই কক্ষের প্রতিনিধি হওয়া তাঁর বহুদিনের ইচ্ছা। সেই ইচ্ছা এবার পূরণ করতে চান। যার অর্থ, নির্বাচিত হওয়ার মাত্র ৩ মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী বদল হচ্ছে বিহারের।
বিহারে ৫ আসনের জন্য রাজ্যসভার নির্বাচনের মনোনয়ন দেওয়ার শেষদিন বৃহস্পতিবার। বুধবার থেকেই আচমকা শোনা যাচ্ছিল, নীতীশ মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিল্লির রাজনীতিতে মন দেবেন। বদলে তাঁর ছেলে উপমুখ্যমন্ত্রিত্ব পাবেন। সেই জল্পনায় একপ্রকার সিলমোহর দিয়ে এদিন তিনি সোশাল মিডিয়ায় ঘোষণা করে দিলেন, "প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে আপনারা আমার নিজেদের আস্থা রেখেছেন, সমর্থন জানিয়েছেন, আর সেই ক্ষমতাতে ভর করেই আমরা বিহারের জন্য কাজ করে গিয়েছি। কিন্তু সংসদীয় জীবনের শুরু থেকেই আমার ইচ্ছা ছিল বিহার বিধানসভা এবং পার্লামেন্টের দুই কক্ষের সদস্য হব। সেই আকাঙ্ক্ষা থেকেই এবার রাজ্যসভা নির্বাচনে অংশ নিতে চলেছি আমি।"
জেডিইউ সূত্র বলছে, বৃহস্পতিবার নীতীশ মনোনয়ন দেবেন। আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। যদিও তাঁর আগেই তিনি সাংসদ নির্বাচিত হবেন। কারণ বিহারে এনডিএ জিততে চলেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফলে আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন মুখ্যমন্ত্রী পাবে বিহার। চমকপ্রদ বিষয় হল, নীতীশের মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণায় ক্ষুব্ধ তাঁর সমর্থকরা। এদিন সকাল থেকেই পাটনায় দলীয় দপ্তরে বিক্ষোভ দেখান সমর্থকরা। ভাঙচুরও করা হয়। কিন্তু তাতে নীতীশের সিদ্ধান্ত বদলায়নি।
কিন্তু এখন অবশ্যম্ভাবী প্রশ্ন, নীতীশ যদি সত্যিই ইস্তফা দেন তাহলে বিহারের মুখ্যমন্ত্রীর কুরসিতে কে বসবেন? জেডিইউয়েরই অন্য কোনও নেতা নাকি বিজেপির কেউ? বিহারের কুরসির দিকে বিজেপির দীর্ঘদিনের নজর। স্বাধীনতার পর এ পর্যন্ত পাটলিপুত্রে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী পদে বসেননি। এবার সম্ভবত সেই অধরা স্বপ্নপূরণ হবে। সেই নামটি কে, সেটা অবশ্য স্পষ্ট নয়। তবে নীতীশের ছেলে নিশান্ত কুমার হতে পারেন উপমুখ্যমন্ত্রী। ছেলের এই উত্তরণের আশাতেই সম্ভবত কুরসির মোহ ছাড়ছেন নীতীশ।
