সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবাদ চলছিল বেশ কয়েকদিন ধরে। শুক্রবার হয়ত সরকারি সিলমোহর পড়ল সেই প্রতিবাদে। কেন্দ্রকে চিঠি লিখে এদিন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়ে দিয়েছেন, রাজ্যে হিন্দি ব্যবহার না করার কথা। এর আগে, বেঙ্গালুরুর দু’টি প্রধান মেট্রো স্টেশনের হিন্দি নাম লেখা সাইনবোর্ড থেকে হিন্দি মুছে দেওয়া হল। সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে এই ইস্যুর সমর্থনে। বলা হয় যে, অ–হিন্দিভাষী রাজ্য কর্নাটকে কেন হিন্দি ভাষা ব্যবহার করা হবে। চিকপেট এবং ম্যাজেস্টিক মেট্রো স্টেশনের হিন্দি নাম কে বা কারা মুছে দেয় তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
সাইনবোর্ডে দু’টিতে দেখা যাচ্ছে, কেউ সেলোটেপ লাগিয়ে হিন্দি লেখাটি আড়াল করে দিয়েছে। কন্নড়পন্থীদের কাজ এটা বলে মনে করছে পুলিশ। এই ঘটনার পরেই মেট্রো স্টেশনগুলিতে নিরাপত্তার কড়াকড়ি করা হয়। যদিও এ ব্যাপারে বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ সিং খারোলা জানান, এখনও পর্যম্ত মেট্রো কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও আলোচনা করেনি। তারা রাজ্য সরকারের নির্দেশের জন্য অপেক্ষা করছে। গত সপ্তাহে দীপাঞ্জলি নগর, ইন্দিরানগর, যশবন্তপুরা, জয়নগরের মতো একাধিক মেট্রো স্টেশনের হিন্দিতে লেখা নামগুলি মুছে দেওয়া হয় রং দিয়ে। কয়েক জায়গায় আবার হিন্দি লেখার উপরেই লাগিয়ে দেওয়া হয় পোস্টার। অ্যান্টি-হিন্দি টুইটার ক্যাম্পেনও শুরু করা হয়।
প্রসঙ্গত, কিছুদিন আগেই কর্নাটক রাজ্যের জন্য আলাদা পতাকার দাবি তোলে সিদ্দারামাইয়া পরিচালিত কর্নাটক সরকার। প্রস্তাবিত পতাকার নকশা চূড়ান্ত করার জন্য সংস্কৃতি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির নেতৃত্বে নয় সদস্যের একটি কমিটিও গড়ে রাজ্য। কিন্তু শাসকদল বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, দেশের সংবিধান কোনও রাজ্যের জন্য আলাদা পতাকার দাবিকে অনুমোদন করে না। এরপরই হিন্দি ভাষার বিরুদ্ধে যেন ক্ষোভের বহিঃপ্রকাশ আরও বেড়ে যায়।
The post রাজ্যে হিন্দি বর্জনে অনড় সিদ্দারামাইয়া, কেন্দ্রকে চিঠি কর্নাটকের মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
