সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত তিন বছরে এনডিএ সরকারের মতো স্বচ্ছ প্রশাসন আগে কখনও দেখেননি দেশবাসী। শুক্রবার এই কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর দাবি, গত ৭০ বছর ধরে কোনও সরকার যা করতে পারেনি, খুব অল্প সময়ের মধ্যেই সেই কাজ করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কর্মসংস্থান প্রসঙ্গে অমিত শাহ বলেন, নয়া কেন্দ্রীয় সরকার দেশে কর্মসংস্থানে জোয়ার আনতে চেয়েছিল। কিন্তু মাথায় রাখতে হবে ১২৫ কোটি মানুষের দেশে প্রত্যেককে চাকরি দেওয়া সম্ভব নয়। তাই দেশের যুব সম্প্রদায়কে স্বনির্ভর হয়ে উঠতেও উৎসাহ দেওয়া হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, “ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার প্রায় ৮ কোটি মানুষকে স্বনির্ভর করে তুলেছে।” কর্মসংস্থান ইস্যুতে বিরোধীদের লাগাতার আক্রমণের জবাব দিতে গিয়ে একথা বলেন শাহ।
[ভূপেন হাজারিকাকে শ্রদ্ধা জানিয়েই দেশের দীর্ঘতম সেতুর নামকরণ মোদির]
কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেন, “মোদি সরকার বার্ষিক দুই কোটি যুবক-যুবতীকে কর্মসংস্থানের আশ্বাস দিলেও বাস্তবে ২০১৫-য় চাকরি পেয়েছেন মাত্র ১.৩৫ লক্ষ জন।” এদিন কংগ্রেসের অভিযোগ নস্যাৎ করে অমিত শাহর পাল্টা দাবি, পূর্বতন সরকারের মতো মোদি সরকার পক্ষাঘাতগ্রস্ত নয়। বরং এযাবৎকালের দেশের সবচেয়ে স্বচ্ছ সরকার।
বিজেপির নেতৃত্বে এনডিএ সরকারের তিন বছর পূর্তিতে দেশ জুড়ে আগামী তিন সপ্তাহ ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘মেকিং অফ ডেভলপিং ইন্ডিয়া’ বা MODI ফেস্টিভ্যালের আয়োজন করেছে বিজেপি। প্রতিটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজ নিজ রাজ্যে সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরবেন জনগণের সামনে।
[কলাগাছ থেকে জিনস তৈরি করে তাক লাগালেন চেন্নাইয়ের তাঁতিরা]
দেখুন ভিডিও:
The post ‘১২৫ কোটির দেশে সকলকে চাকরি দেওয়া সম্ভব নয়’ appeared first on Sangbad Pratidin.
